যুক্তরাষ্ট্রে নিহত ইমাম আলাউদ্দিনের লাশ আজ দেশে আসছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দুর্বৃত্তের গুলিতে নিহত ইমাম আলাউদ্দিন আখুঞ্জির মৃতদেহ আজ বৃহস্পতিবার দেশে ফিরবে। আলাউদ্দিনের পরিবারের সদস্যরা বিষয়টি নিশ্চিত করেছেন।
নিউইয়র্কের কুইন্সে গত শনিবার প্রকাশ্যে স্থানীয় মসজিদের ইমাম প্রবাসী বাংলাদেশি আলাউদ্দিন আখুঞ্জি ও তাঁর সহকারী তারা মিয়াকে গুলি করে হত্যা করে এক দুর্বৃত্ত।
আখুঞ্জি ওজোন পার্ক এলাকার আল ফোরকান জামে মসজিদের ইমাম ছিলেন। তিনি মসজিদে জোহরের নামাজ শেষে তারা মিয়াকে সঙ্গে নিয়ে হেঁটে বাসায় ফিরছিলেন। এ সময় তাঁদের পেছন থেকে গুলি করা হয়। তারা মিয়ার বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলায়।
আলাউদ্দিনের বড় ছেলে ফয়েজ উদ্দিন আখুঞ্জি প্রথম আলোকে বলেন, তাঁর বাবার লাশ আজ সকাল সাড়ে আটটায় এমিরেটস এয়ারলাইনের একটি ফ্লাইটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। সেখান থেকে লাশ নেওয়া হবে হবিগঞ্জের বাড়িতে। বেলা সাড়ে তিনটায় হবিগঞ্জ শহরের কেন্দ্রীয় ঈদগা ময়দানে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। আসরের নামাজের পর গ্রামের বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের গোছাপাড়া গ্রামে হবে দ্বিতীয় জানাজা। পরে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হবে।