যুবককে পিটিয়ে হত্যা: এক পরিবারের ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড
রাজশাহীতে একটি হত্যা মামলায় একই পরিবারের ছয়জনকে যাবজ্জীবন সশ্রম করাদণ্ড দিয়েছেন আদালত। বিভাগীয় স্পেশাল জজ মোসাম্মৎ ইসমত আরা আজ রোববার বিকেলে এই মামলার রায় ঘোষণা করেন।
জমিজমা–সংক্রান্ত বিরোধের জেরে ২০০৫ সালে জেলার পবা উপজেলার আলোকছত্র গ্রামের সাইদার রহমানকে (৩০) হত্যা মামলায় এই রায় দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন একই গ্রামের দুলাল উদ্দিন, তাঁর স্ত্রী মিনারা খাতুন, তাঁদের ছেলে মো. মিঠু, মো. তোতা, রঞ্জু ওরফে বাবু ও মো. বুলবুল।
রায়ের তথ্য নিশ্চিত করে বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিশেষ পিপি (সরকারি কৌঁসুলি) শফিকুল ইসলাম বলেন, আসামি তোতা ও মিঠুকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। অপর চার আসামিকে কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৫ সালের ১৯ জুলাই দুপুরে আসামিরা সংঘবদ্ধভাবে হাঁসুয়া, ছোরাসহ বিভিন্ন অস্ত্রে সজ্জিত হয়ে সাইদারকে এলোপাতাড়ি মারপিট করে হত্যা করেন। এ ঘটনায় নিহত সাইদারের মা সুফিয়া খাতুন বাদী হয়ে পবা থানায় হত্যা মামলা করেন।
হত্যা মামলটির তদন্তকারী কর্মকর্তা জাকির হোসেন একই বছর ১৭ অক্টোবর আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত এই মামলায় ২৫ জনের সাক্ষ্য গ্রহণ করেন। দীর্ঘ ১৫ বছরের বিচার শেষে আদালত এই রায় ঘোষণা করলেন।
আদালত সূত্র জানায়, রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। তাঁদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী একরামুল হক।