যুবককে হত্যার দায়ে তরুণীর আমৃত্যু কারাদণ্ড, ৪ জনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারাদণ্ড
প্রতীকী ছবি

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় জুনিয়াদহ গ্রামে রায়হান নামের এক যুবককে হত্যার দায়ে এক তরুণীকে আমৃত্যু কারাদণ্ড ও চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ১ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আজ বুধবার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় দেন। রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত সবাই আদালতে উপস্থিত ছিলেন।

আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত তরুণীর নাম শিখা খাতুন (২৬)। তাঁর বাড়ি দৌলতপুর উপজেলার ভুরকাপাড়া গ্রামে। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন শিখা খাতুনের বাবা আবদুল মান্নান (৬১), মান্নানের ছোট ভাই সাধু সরদার (৪৮), বজলু সরদার (৫৮) ও ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ গ্রামের রাজন আলীর স্ত্রী আজমিরা খাতুন (২৬)।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, শিখা খাতুনের সঙ্গে ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ গ্রামের মীর শহীদুলের ছেলে রায়হানের (৩২) প্রেমের সম্পর্ক ছিল। ২০১৬ সালের ৬ অক্টোবর রাতে শিখার মুঠোফোনের কল পেয়ে বাড়ি থেকে বের হয়ে যান রায়হান। এরপর আর বাড়ি ফেরেননি তিনি। ৭ অক্টোবর দুপুরে উপজেলার পালপাড়া মাঠের একটি পানের বরজের পাশ থেকে রায়হানের লাশ উদ্ধার করে ভেড়ামারা থানা-পুলিশ।

এ ঘটনায় নিহত রায়হানের বাবা মীর শহিদুল ইসলাম বাদী হয়ে ৯ অক্টোবর অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে ভেড়ামারা থানায় অপহরণ ও হত্যা মামলা করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, প্রেমের সম্পর্ক শিখার পরিবার মেনে না নেওয়ায় পূর্বপরিকল্পিতভাবে ডেকে নিয়ে রায়হানকে এলোপাতাড়ি মারধর করে হত্যা করা হয়। ২০১৭ সালের ৩০ ডিসেম্বর আটজনের নামে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয় পুলিশ।

কুষ্টিয়া আদালতের সরকারি কৌঁসুলি অনুপ কুমার নন্দী বলেন, আদালত পাঁচ আসামিকে দণ্ড দিয়েছেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আসামি সাহাজুল সরদার, রাজন ও উজির আলীকে খালাস দিয়েছেন আদালত।