যুবকের জিব কাটার অভিযোগে এক পরিবারের সবাই গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তার
প্রতীকী ছবি

ঢাকার ধামরাইয়ে পাওনা টাকা ফেরত দেওয়ার কথা বলে নিজ বাড়িতে ডেকে নিয়ে সাইফুল ইসলাম (৩২) নামের এক যুবকের জিবের একাংশ কেটে ফেলার ঘটনা ঘটেছে। ভুক্তভোগীর বাবা রহমত আলী বাদী হয়ে গতকাল শনিবার ধামরাই থানায় মামলা করেন। ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে।

গত শুক্রবার রাতে উপজেলার রোয়াইল ইউনিয়নের ফরিঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। ধামরাই থানা-পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে সাইফুল ইসলামকে পাওনা ৬০ হাজার টাকা ফেরত দেওয়ার কথা বলে প্রতিবেশী শফিকুল ইসলাম নিজ বাড়িতে ডেকে নেন।

এ সময় বিষয়টি নিয়ে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে টাকা ফেরত না দিয়ে উল্টো শফিকুল, তাঁর স্ত্রী ও ছেলেমেয়ে মিলে সাইফুলের হাত, চোখ বেঁধে ধারালো অস্ত্র দিয়ে জিবের কিছু অংশ কেটে ফেলেন। পরে তাঁকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সাভারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

গতকাল সাইফুলের বাবা বাদী হয়ে মামলা করার পর রাতে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। আজ রোববার তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে নেওয়ার কথা।

এদিকে ঘটনার পরপরই অভিযোগ ওঠে বিয়ে করতে চেয়ে শারীরিক সম্পর্ক স্থাপনের পর প্রতিশ্রুতি না রাখায় শফিকুলের মেয়ে (২৫) ডেকে নিয়ে কৌশলে সাইফুলের জিব কেটে দেন।

এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান জানান, পাওনা টাকা নিয়ে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেয়েটি সাইফুলকে চেনেন না বলে দাবি করেছেন। গ্রেপ্তার ব্যক্তিদের আরও জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হবে।