যুবদল নেতা আকবর আলী হত্যায় জড়িতদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আলটিমেটাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জ জেলার মানচিত্র

সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আকবর আলী হত্যাকাণ্ডের ঘটনায় পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন জেলা বিএনপি ও আওয়ামী লীগের নেতারা। বিএনপি জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য আগামী ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে।

অন্যদিকে আওয়ামী লীগ হত্যাকাণ্ডের ঘটনায় তাদের নেতাদের দায়ী করার বিষয়ে প্রতিবাদ জানিয়েছে। গতকাল বৃহস্পতিবার নিজ নিজ দলীয় কার্যালয়ে দল দুটির নেতা-কর্মীরা সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বলেন, ‘যুবদল নেতা আকবর আলী খুনের ঘটনাটি একটি রাজনৈতিক হত্যাকাণ্ড বলে আমরা মনে করি।’ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়ে তিনি বলেন, ‘গত ৩০ ডিসেম্বর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসা ও মুক্তির দাবিতে জেলা বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের সময় যাঁরা অস্ত্র নিয়ে মহড়া দিয়েছিলেন, তাঁদের ইতিমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। আমরা বিশ্বাস করি, পুলিশ চাইলে আকবর আলী হত্যার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করতে পারবে।’

গতকাল দুপুরে জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে পাল্টা সংবাদ সম্মেলন করা হয়। এতে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কে এম হোসেন আলী বলেন, ‘বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সকালে ঢাকায় সংবাদ সম্মেলন করে যুবদল নেতা আকবর আলী খুনের ঘটনায় স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের নেতাদের দায়ী করে মিথ্যাচার করেছেন। রাজনৈতিক ফায়দা হাসিল ও আওয়ামী লীগকে হেয় করতে পরিকল্পিতভাবে মিথ্যাচার করছে বিএনপি। আমরা বিশ্বাস করি, প্রশাসনের সুষ্ঠু তদন্তে প্রকৃত অপরাধী বেরিয়ে আসবে।’ তিনি বিএনপি নেতার দেওয়া বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, অন্যথায় মিথ্যাচারের অভিযোগে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান গতকাল রাত সাড়ে আটটার দিকে প্রথম আলোকে বলেন, ময়নাতদন্ত শেষে পুলিশ পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করলে গতকাল আসর নামাজের পর স্থানীয় একটি মাদ্রাসা মাঠে জানাজা শেষে তাঁকে দাফন করা হয়। মামলা করার বিষয়ে তিনি বলেন, পরিবারের লোকজন একটু স্বাভাবিক হলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে বেলকুচি থানার দায়িত্বরত কর্মকর্তা (ডিউটি অফিসার) সহকারী উপপরিদর্শক (এএসআই) নাজনীন বলেন, এখন পর্যন্ত কেউ মামলা করতে আসেননি।

গত বুধবার রাত আটটার দিকে বেলকুচি উপজেলার রান্ধুনীবাড়ী বাজারে যুবদল নেতা আকবর আলীকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত আকবর আলী সয়দাবাদ ইউনিয়নের বড় সারুটিয়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।

বিএনপির সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সহসভাপতি অমর কৃষ্ণ দাস, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ খান, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ, জেলা যুবদলের সভাপতি মির্জা আবদুল জব্বার, যুগ্ম সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। অন্যদিকে আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জ-২ আসনের সাংসদ হাবিবে মিল্লাত, সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আবদুর রউফ প্রমুখ উপস্থিত ছিলেন।