যুবদলের মিছিলে পুলিশের লাঠিপেটা, আহত ১০
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসার পথে লক্ষ্মীপুরে যুবদলের নেতা-কর্মীদের ওপর পুলিশ লাঠিপেটা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। রোববার সন্ধ্যায় লক্ষ্মীপুর পৌর শহরের উত্তর তেমুহনী এলাকায় এ ঘটনা ঘটে। তবে পুলিশ বলছে, লাঠিপেটা করা হয়নি। রাস্তায় যানজট এড়াতে তাঁদের সরিয়ে দেওয়া হয়েছে।
আহত ব্যক্তিরা হলেন লক্ষ্মীপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড যুবদলের কর্মী সুমন হোসেন, দুলাল হোসেন, মো. সুমন, ২ নম্বর ওয়ার্ড যুবদলের কর্মী বিল্লাল হোসেন, মিজানুর রহমান, ১৪ নম্বর ওয়ার্ড যুবদলের কর্মী আল-আমিন ও ১৫ নম্বর ওয়ার্ডের মো. রেজাউল। তাঁদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে বাকি তিনজনের নাম জানা যায়নি।
যুবদলের নেতা-কর্মীরা জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে যুবদলের উদ্যোগে শহরের উত্তর তেমুহনী এলাকায় জেলা বিএনপির সদস্যসচিব সাহাবুদ্দিন সাবুর বাসভবন প্রাঙ্গণে প্রতিবাদসভার আয়োজন করা হয়। জেলা যুবদলের সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে এতে বিএনপি নেতা সাবু প্রধান অতিথি ছিলেন। সভায় অংশগ্রহণের জন্য খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা সভাস্থলে আসছিলেন। সভাস্থলের কাছেই উত্তর তেমুহনী এলাকায় পুলিশ অহেতুক নেতা-কর্মীদের লাঠিপেটা করেছে। এতে অন্তত ১০ জন নেতা-কর্মী আহত হন।
জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আয়োজিত সভাস্থলে আসার পথে পুলিশ বিনা উসকানিতে আমাদের নেতা-কর্মীর ওপর হামলা করে। এতে আমাদের ১০ জন নেতা-কর্মী আহত হয়েছেন।’
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, যুবদলের নেতা–কর্মীদের ওপর লাঠিপেটা করা হয়নি। রাস্তায় যেন যানজট না হয়, এ জন্য যুবদলের নেতা-কর্মীদের সরিয়ে দেওয়া হয়েছে।