যুবলীগ নেতার হামলায় নারী-শিশুসহ আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ওবায়দুল হক ওরফে বাদল নামের এক যুবলীগ নেতার বিরুদ্ধে নারী, শিশুসহ অন্তত ১০ জনকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে উপজেলার কালাপাহাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। ওবায়দুল হক উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক।

আহত ব্যক্তিরা হলেন কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের বাগের পাড়া এলাকার আবদুল বাতেন (৫৮), তাঁর ছেলে ইমরান হোসেন (৩০), জীবন মিয়া (২৮), মো. হোসাইন (২৬), মো. হাসান (২৩), মো. ফয়সাল (১০), একই এলাকার আম্বিয়া খাতুন (৬০), মাহমুদা বেগম (৫৪), মো. বাবু (২৮) ও আবদুর রহিম  (২৬)।

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আনন্দ কিশোর জানিয়েছেন, আবদুল বাতেনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি নয়জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
আবদুল বাতেনের নাতি মো. রহিম আলী প্রথম আলোকে জানান, তাঁর দাদা ৭ নম্বর ওয়ার্ড থেকে ইউপি সদস্য হিসেবে নির্বাচনের জন্য এলাকায় প্রচারণা চালাচ্ছেন। একই ওয়ার্ড থেকে ওবায়দুল ইউপি সদস্য হিসেবে নির্বাচন করতে চান। এর জেরে ওবায়দুল ও তাঁর অনুসারীরা আবদুল বাতেনকে হুমকি–ধমকি দিচ্ছিলেন।

সর্বশেষ বাতেনের পরিবারের কাছে দেড় লাখ টাকা চাঁদা দাবি করেন ওবায়দুল। ইউপি নির্বাচন এবং চাঁদা না দেওয়ার জেরেই আবদুল বাতেনের ওপর হামলা করা হয়েছে বলে রহিম অভিযোগ করেন। ওবায়দুল ও তাঁর চাচাতো ভাই কবির মোল্লার নেতৃত্বে অন্তত ৪০ জন চায়নিজ কুড়াল, রামদা, টেঁটাসহ হামলায় অংশ নিয়েছেন বলে রহিম জানিয়েছেন।

এ বিষয়ে জানতে ওবায়দুল হকের মুঠোফোনে কল দিয়ে বন্ধ পাওয়া যায়। কবির মোল্লার মুঠোফোনে কল দিলেও তিনি ধরেননি।

কালাপাহাড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘দুই পক্ষের মধ্যে সংঘর্ষের একটি খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। সেখানে গিয়ে কাউকে পাওয়া যায়নি। সন্ধ্যা সাতটা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা করা হয়নি।’