যুবলীগের কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়ন যুবলীগের ঘোষিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে ফেনী-নোয়াখালী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পদবঞ্চিত বিক্ষুব্ধ নেতা-কর্মীরা। এ সময় তাঁরা সড়কের ছমিরমুন্সীরহাট বাজার অংশে টায়ার জ্বালিয়ে মিছিল করেন। গাছের গুঁড়ি ফেলে অবরোধ করায় সড়কটিতে গতকাল বুধবার বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এতে ভোগান্তিতে পড়েন দুপাশে আটকে থাকা যাত্রীরা।

গত সোমবার কাবিলপুর ইউনিয়ন যুবলীগের তিন সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করে উপজেলা যুবলীগ। এতে গিয়াস উদ্দিনকে আহ্বায়ক এবং আবদুল আহাদ ও আনোয়ার হোসেনকে যুগ্ম আহ্বায়ক করা হয়।

ক্ষুব্ধ দলীয় কর্মীরা অভিযোগ করেন, উপজেলা যুবলীগের আহ্বায়ক আ স ম জাকারিয়া আল-মামুন আওয়ামী লীগ ও যুবলীগের কারও সঙ্গে আলোচনা না করে সম্মেলন ছাড়াই কাবিলপুর ইউনিয়ন যুবলীগের নতুন কমিটি ঘোষণা করেছেন। তাই তাঁরা বাধ্য হয়ে এ সিদ্ধান্তের প্রতিবাদে রাস্তায় নেমেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘোষিত কমিটিকে প্রত্যাখ্যান করে গতকাল বিকেল চারটার দিকে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান ওরফে মিঠু, কাবিলপুর ইউনিয়ন যুবলীগের আগের কমিটির সভাপতি মহিন উদ্দিন ও সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনের নেতৃত্বে ছমিরমুন্সিরহাট বাজারে মিছিল বের হয়। মিছিলটি ফেনী-নোয়াখালী সড়ক প্রদক্ষিণ করে। এরপর নেতা–কর্মীরা বাজারের পশ্চিম অংশে গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। এ সময় বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা জিয়াউল হক পাটোয়ারী ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান। এদিকে অবরোধের কারণে সড়কের দুই দিকে অনেক যানবাহন আটকা পড়ে যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

অবরোধের কারণে ভোগান্তির শিকার যাত্রী আবদুল মতিন প্রথম আলোকে বলেন, বিকেল সাড়ে তিনটায় তিনি ফেনী থেকে নোয়াখালীর উদ্দেশে বাসে ওঠেন। চারটার দিকে ছমিরমুন্সীরহাট বাজারে পৌঁছানোর পর অবরোধের কবলে পড়েন। প্রায় এক ঘণ্টা সড়কে আটকা পড়ে থাকতে হয়। তাঁর মতো আরও অনেক যাত্রী এ সময় ভোগান্তির শিকার হন।

সূত্র জানায়, বিকেল পাঁচটার দিকে কাবিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হক পাটোয়ারী ও সেনবাগ থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। পরে তাদের অনুরোধে অবরোধ প্রত্যাহার করে সড়ক থেকে সরে যান ক্ষুব্ধ নেতা-কর্মীরা।

কমিটি নিয়ে দলীয় কর্মীদের ক্ষোভের বিষয়ে জানতে চাইলে আ স ম জাকারিয়া আল-মামুন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, আগের কমিটি গত ছয় বছরেও কোনো ওয়ার্ড কমিটি গঠন করতে পারেনি, এমনকি কোনো বৈঠকও করতে পারেনি। সংগঠনের কার্যক্রমে গতিশীলতা আনতে তাই নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ চৌধুরী প্রথম আলোকে বলেন, যুবলীগের ইউনিয়ন কমিটি নিয়ে এক পক্ষ বিক্ষোভ মিছিল শেষে কিছুক্ষণ সড়ক অবরোধ করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।