যে কারণে সেন্ট মার্টিন উপকূলে এত ইলিশ ধরা পড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার শহরের ফিশারিঘাটে বিক্রি হচ্ছে ইলিশ। রোববার সকালে
ছবি: প্রথম আলো

২১ লাখ ৭২ হাজার বর্গকিলোমিটার আয়তনের বঙ্গোপসাগরে এখন ইলিশ ধরার ভরা মৌসুম চলছে। ইলিশের সন্ধানে সাগরে নেমেছে কক্সবাজার, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, খুলনা, ভোলাসহ দেশের বিভিন্ন অঞ্চলের কয়েক হাজার ট্রলার। তবে ইলিশ ধরা পড়ছে শুধু কক্সবাজারে, তা–ও সেন্ট মার্টিন উপকূলে।

১৫ দিনে এ জেলার ৫ হাজারের বেশি ট্রলারে ধরা পড়েছে দেড় হাজার মেট্রিক টন ইলিশ। ৯০ শতাংশ ইলিশের ওজন ছিল ১ কেজির বেশি। এর মধ্যে সর্বোচ্চ ২ কেজি ২০০ গ্রাম ওজনের ইলিশও ধরা পড়েছে। ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ায় জেলার টেকনাফ, কক্সবাজার সদর, মহেশখালী, কুতুবদিয়া, পেকুয়া ও চকরিয়া উপজেলার ৩০টি জেলেপল্লিতে এখন খুশির বন্যা।

মৎস্য বিভাগের তথ্যমতে, দেশের ১৬টি উপকূলীয় জেলায় ৫ লাখের বেশি জেলে ইলিশ আহরণের সঙ্গে যুক্ত। অন্য এলাকায় তেমন ইলিশ ধরা না পড়ায় সেসব এলাকার জেলেরা হতাশ হয়েছেন।

কক্সবাজার জেলা মৎস্য কর্মকর্তা এস এম খালেকুজ্জামান বলেন, ইলিশের প্রজননকালে, অর্থাৎ সরকারি নিষেধাজ্ঞায় ৬৫ দিন ইলিশ আহরণ বন্ধ ও জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ইলিশের বিচরণ লক্ষ করা যাচ্ছে সেন্ট মার্টিন উপকূলে। তবে টেকনাফ ও মহেশখালীর সোনাদিয়া উপকূলেও ইলিশের বিচরণ দেখা গেছে।

বেশির ভাগ ইলিশ সেন্ট মার্টিন উপকূলে কেন ধরা পড়ছে? বঙ্গোপসাগরের বরগুনা, বরিশাল, ভোলা, খুলনা, পটুয়াখালী, নোয়াখালী, সন্দ্বীপ, বাঁশখালী উপকূল কি তাহলে ইলিশের বাসযোগ্যতা হারিয়েছে? এমন প্রশ্নও দেখা দিয়েছে সাধারণ মানুষ ও মৎস্যসংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে।

সেন্ট মার্টিন উপকূলে বেশির ভাগ ইলিশ ধরার পড়ার কারণ সম্পর্কে মৎস্য কর্মকর্তাদের ভাষ্য—
প্রথমত, গত ২৬ জুলাই থেকে ৪ আগস্ট কক্সবাজারে টানা ভারী বর্ষণ হয়েছে। পাহাড় থেকে নেমে আসা ঢলের পানি মিশেছে বঙ্গোপসাগরে। সাগরের মোহনায় আছে বেশ কয়েকটি নদী। আগামী সেপ্টেম্বর মাসে এসব নদীতে ডিম পাড়বে ইলিশ। এ জন্য গভীর সাগর থেকে ইলিশগুলো নদীর কাছাকাছি সীমানায় (নাফ নদীর পাশে) চলে এসেছে।

দ্বিতীয়ত, ভারী বৃষ্টিপাতের কারণে সাগরে পানির (লবণাক্ততা) তাপমাত্রা সহনশীল পর্যায়ে পৌঁছেছে। এ কারণে গভীর সাগর থেকে ইলিশ সেন্ট মার্টিন উপকূলের দিকে ছুটে এসেছে।

তৃতীয়ত, ভারী বৃষ্টিপাত ও পাহাড়ির ঢলের কারণে সমুদ্রসংলগ্ন টেকনাফ, সেন্ট মার্টিন ও সোনাদিয়া উপকূলের পানিতে একধরনের ফেনা (সাবানপানির মতো) তৈরি হয়েছে। এসব ফেনা ইলিশের প্রিয় খাদ্য। ফেনা খেতে ইলিশ উপকূলে ছুটে আসে।

সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুর আহমদ প্রথম আলোকে বলেন, গত ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন সাগরে মাছ আহরণ বন্ধ ছিল। এ কারণে ইলিশের প্রজনন ও আকৃতি বেড়েছে অনেক গুণ। এখন সেন্ট মার্টিন দ্বীপ থেকে পশ্চিম ও দক্ষিণ দিকে ১০-১২ কিলোমিটার গিয়ে জাল ফেললেই ধরা পড়ছে হাজার হাজার ইলিশ। এই দ্বীপের অন্তত ৩০০ ট্রলারে করে জেলেরা ইলিশ ধরছেন।

স্থানীয় ট্রলারের পাশাপাশি সেন্ট মার্টিন উপকূলে খুলনা, পটুয়াখালী, বরগুনা, চট্টগ্রামের বাঁশখালী এলাকার বিপুলসংখ্যক ট্রলারে করে জেলেরা এসে ইলিশ ধরছেন। মিয়ানমারের বেশ কিছু ট্রলারে করে দ্বীপের দক্ষিণাংশে (মিয়ানমারের জলসীমানায়) জাল ফেলে ইলিশ আহরণ করা হচ্ছে।

কক্সবাজার ফিশিংবোট মালিক সমিতির সভাপতি মুজিবুর রহমান বলেন, জেলার ছোট-বড় প্রায় ছয় হাজার ট্রলারে করে ইলিশ শিকার করা হচ্ছে। এর মধ্যে অন্তত পাঁচ হাজার ট্রলারে কমবেশি ইলিশ ধরা পড়ছে। ইলিশ বিক্রি করে অধিকাংশ ট্রলার ১০–৬০ লাখ টাকাও আয় করছে। স্থানীয় চাহিদা মিটিয়ে বিপুল পরিমাণ ইলিশ চট্টগ্রাম, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে।

জেলেরা বলছেন, টানা ৮৩ দিন ইলিশ আহরণ থেকে বিরত ছিলেন জেলার ১ লাখ ২০ হাজারের বেশি জেলে, তখন পরিবারে লেগে ছিল অভাব-অনটন। এখন আহরিত বিপুল ইলিশ চড়া দামে বিক্রি করতে পেরে তাঁরা বেশ খুশি। সেই সঙ্গে দূর হয়েছে অভাব।

১৫ দিনে ১৫০০ মেট্রিক টন ইলিশ

ফিশারিঘাটের মৎস্য অবতরণ কেন্দ্র থেকে দেশের বিভিন্ন জেলায় ইলিশ সরবরাহ করেন কক্সবাজার মৎস্য ব্যবসায়ী ঐক্য সমবায় সমিতির সদস্যরা। সমিতির সদস্যসংখ্যা প্রায় দেড় হাজার। রোববার সমিতির অন্তত ১২০ জন সদস্য শতাধিক ট্রলার থেকে অন্তত ৬০ হাজার ইলিশ কিনে ঢাকা ও চট্টগ্রামের বাজারে পাঠিয়ে দিয়েছেন।

সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি জয়নাল আবেদীন বলেন, গত ১৫ দিনে ফিশারিঘাট থেকে অন্তত ২০০ মেট্রিক টন ইলিশ সরবরাহ করা হয়েছে। জেলেদের জালে এখন বড় বড় ইলিশ ধরা পড়ছে। এ কারণে দামও কিছুটা বেশি পাওয়া যাচ্ছে। কিন্তু ইলিশের বাজার সয়লাব হলে দামও কিছুটা কমে যেতে পারে। ইলিশের দাম ওঠানামা করে ঢাকার বাজার পরিস্থিতির ওপর।

ফিশারিঘাটে পাইকারিতে ৮০০ থেকে ১ হাজার গ্রাম ওজনের ইলিশ প্রতি কেজি বিক্রি হয়েছে ১ হাজার ৫০ টাকায়, ১ হাজার গ্রামের বেশি ওজনের ইলিশ বিক্রি হয়েছে ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ টাকায়, ৫০০ থেকে ৭০০ গ্রাম ওজনের ইলিশ ৭০০ থেকে ৭৫০ টাকায় এবং ৫০০ গ্রামের কম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৪০০ টাকায়।

জেলা মৎস্য কর্মকর্তা এস এম খালেকুজ্জামান প্রথম আলোকে বলেন, জেলায় এখন প্রতিদিন গড়ে ৫০০ মেট্রিক টন সামুদ্রিক মাছ আহরণ করছেন জেলেরা। এর মধ্যে অন্তত ১০০ টন ইলিশ। গত ১৫ দিনে মাছ আহরণ হয়েছে সাড়ে ৭ হাজার মেট্রিক টন, এর মধ্যে ইলিশ রয়েছে অন্তত দেড় হাজার মেট্রিক টন। ৯০ শতাংশ ইলিশের ওজন ছিল ৯০০ গ্রাম থেকে ১ হাজার ২০০ গ্রাম পর্যন্ত। শহরের ফিশারিঘাটে তিনি সর্বোচ্চ ২ কেজি ২০০ গ্রাম ওজনের ইলিশও দেখেছেন।

মৎস্য বিভাগের তথ্যমতে, গত বছর জেলায় ইলিশ আহরণ হয়েছিল ১৫ হাজার ২৫৬ মেট্রিক টন। এবার ইলিশ আহরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৭ হাজার মেট্রিক টন। ৬৫ দিনের মাছ আহরণ বন্ধ ঠিকমতো পালন হওয়ায় এবার সাগরে ইলিশের প্রজনন ও আকৃতি বেড়েছে অনেক গুণ। এ কারণে জেলেদের জালে ধরা পড়ছে বড় বড় ইলিশ। এবার ইলিশ আহরণের লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে আশা করা হচ্ছে।