যে বিদ্যালয়ের জন্য এক হলেন ১৩ গ্রামের মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ির দীঘিনালায় ১৩ গ্রামের মানুষের স্বেচ্ছাশ্রমে নির্মিত হয়েছে ক্ষেত্রপুর নিম্নমাধ্যমিক বিদ্যালয়। ছবিটি গত সোমবার বিকেলে তোলা l প্রথম আলো
খাগড়াছড়ির দীঘিনালায় ১৩ গ্রামের মানুষের স্বেচ্ছাশ্রমে নির্মিত হয়েছে ক্ষেত্রপুর নিম্নমাধ্যমিক বিদ্যালয়। ছবিটি গত সোমবার বিকেলে তোলা l প্রথম আলো

সন্তানেরা প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডি পার হলেই দুশ্চিন্তা শুরু হতো খাগড়াছড়ির দীঘিনালা কবাখালী ইউনিয়ন ও রাঙামাটির বাঘাইছড়ির দুটি ইউনিয়নের ১৩ গ্রামের অভিভাবকদের। এই গ্রামগুলোর আশপাশে কোনো মাধ্যমিক বিদ্যালয় ছিল না। সন্তানদের পাঠাতে হতো ১৭ কিলোমিটার দূরে দীঘিনালা সদরে, নয়তো ১৩ কিলোমিটার দূরে বাঘাইছড়ি সদরে। এ দুর্ভোগ লাঘব করতে এক হয়েছেন দুই জেলার এই ১৩ গ্রামের মানুষ। তাঁদের স্বেচ্ছাশ্রমে দীঘিনালার ক্ষেত্রপুর আমতলী এলাকায় নির্মাণ করা হয়েছে নিম্নমাধ্যমিক বিদ্যালয়। আগামী বছরের জানুয়ারি থেকে বিদ্যালয়টিতে চালু হবে শিক্ষা কার্যক্রম।

স্বেচ্ছাশ্রমের বিদ্যালয়টির নামকরণ করা হয়েছে ‘ক্ষেত্রপুর নিম্নমাধ্যমিক বিদ্যালয়’। গত সোমবার সরেজমিনে দেখা যায়, টিনের চালা ও বেড়া দিয়ে তৈরি বিদ্যালয়টিতে চারটি কক্ষ রয়েছে। গ্রামবাসীর স্বেচ্ছাশ্রমে শিক্ষার্থীদের জন্য তৈরি করা হয়েছে বেঞ্চ ও টেবিল।

স্থানীয় লোকজন জানান, ১৩টি গ্রামের আশপাশে ৯টি প্রাথমিক বিদ্যালয় থাকলেও কোনো মাধ্যমিক বিদ্যালয় নেই। শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘব করতে চলতি বছরের ২৭ এপ্রিল দীঘিনালা মডেল বালিকা উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রঞ্জন কুমার চাকমাসহ গ্রামবাসী নিম্নমাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেন। এই গ্রামগুলোর বাসিন্দাদের স্বেচ্ছাশ্রমে ১৬ নভেম্বর বিদ্যালয়ের নির্মাণকাজ শেষ হয়। ১৩টি গ্রামে প্রায় ১ হাজার ৪০০ পরিবারের বসবাস।

ক্ষেত্রপুর নিম্নমাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি ও ক্ষেত্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উদয়ন চাকমা বলেন, ক্ষেত্রপুর গ্রামের বাসিন্দা মনু চন্দ্র চাকমা বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য এক একর জমি দান করেছেন। জানুয়ারি থেকে ভর্তি কার্যক্রম শুরু হবে। শুরুতে ১০০ শিক্ষার্থী ভর্তি করা হবে। ছয়জন শিক্ষক পাঠদান করবেন।

ক্ষেত্রপুর গ্রামের বাসিন্দা দীঘিনালা মডেল বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী কাকলী চাকমা বলে, গ্রাম থেকে তাদের বিদ্যালয়ের দূরত্ব ১৭ কিলোমিটার। গ্রামের মধ্যে বিদ্যালয় হওয়ায় স্থানীয় শিক্ষার্থীরা খুব উপকৃত হবে।

দীঘিনালা সরকারি উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী প্রীতি রায় চাকমা, হাজাছড়া গ্রামের বাসিন্দা পাবলাখালী শান্তিপুর উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী বিটু চাকমাও একই কথা বলে।

ক্ষেত্রপুর গ্রামের কোহেলিকা চাকমা (৩৪) বলেন, নিজেদের শ্রমে বিদ্যালয় প্রতিষ্ঠা করতে পারায় তাঁদের খুবই ভালো লাগছে।

কবাখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ড সদস্য জ্ঞানোজ্জ্বল চাকমা বলেন, সবার আর্থিক সহযোগিতা ও স্বেচ্ছাশ্রমে ক্ষেত্রপুর নিম্নমাধ্যমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে। এখন  ১৩টি গ্রামের শিক্ষার্থীদের অষ্টম শ্রেণি পর্যন্ত দূরে যাতায়াতের কষ্ট করতে হবে না।

গত সোমবার বিদ্যালয়টির উদ্বোধন করেছেন খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা। বিদ্যালয়টির পরিচালনা কমিটির সভাপতি পরুণাময় চাকমার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান নবকমল চাকমা, কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোক্তা রঞ্জন কুমার চাকমা, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক নাজিমুল ইসলাম প্রমুখ।

স্বেচ্ছাশ্রমে নিম্নমাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা প্রসঙ্গে খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, ১৩টি গ্রামের বাসিন্দাদের মধ্যে শিক্ষার জন্য যে অনুরাগ রয়েছে, তার বড় প্রমাণ এ বিদ্যালয়। স্বেচ্ছাশ্রমে ঐক্যবদ্ধ হয়ে একটি নিম্নমাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করাটা সত্যিই প্রশংসার দাবিদার।