যেকোনো মুহূর্তে জনগণের স্রোত সরকারের পতন ঘটাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে
ছবি: প্রথম আলো

বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার বলেছেন, দেশে এখন আওয়ামী সরকারের নিষ্ঠুর ও বর্বর শাসন চলছে। দলীয় সন্ত্রাসীদের দিয়ে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীদের ওপর জুলুম-নির্যাতন চালানো হচ্ছে। বর্তমান শাসকগোষ্ঠী নির্যাতন-নিপীড়নের মাধ্যমে দেশবাসীসহ বিএনপি ও বিরোধীদলীয় নেতা–কর্মীদের আতঙ্কিত করে ভয়ংকর দুঃশাসন কায়েম রেখেছে। তবে জনগণ এখন ঐক্যবদ্ধ। যেকোনো মুহূর্তে জনগণের প্রবল স্রোত আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনবে।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ পৌর শহরের ভাসানী মিলনায়তন চত্বরে জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রুহুল কুদ্দুস তালুকদার এসব কথা বলেন। সম্প্রতি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার করা মন্তব্যের প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি মজিবর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসানের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমানসহ জেলা বিএনপির নেতারা বক্তব্য রাখেন। এ সময় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন।