যেন হাতে চাঁদ পেলেন নিঃসন্তান দম্পতি
সময় তখন সকাল ছয়টা। মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার বলধারা ইউনিয়নের বড়বাকা এলাকার রাস্তার পাশে কান্না করছিল এক নবজাতক। সেখান দিয়ে যাচ্ছিলেন রংমালা বেগম নামের এক নারী। তাঁর বাড়ি ওই গ্রামে। কান্না শুনে রংমালা থমকে দাঁড়ান। এই সাতসকালে নবজাতক এল কোথা থেকে?
প্রথমে এদিক-ওদিক তাকালেন রংমালা। নবজাতকটিকে দেখে মায়া হলো তাঁর। সঙ্গে সঙ্গে কম্বল দিয়ে মোড়ানো নবজাতককে কোলে নেন। ঘটনাটি আজ বৃহস্পতিবারের।
খবর পেয়ে সিঙ্গাইর থানা-পুলিশ ও উপজেলা প্রশাসনের লোকজন ঘটনাস্থলে যান। এরপর নবজাতককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ঘটনাটি জানতে পেরে ওই গ্রামের নিঃসন্তান দম্পতি তাছলিমা আক্তার ও আসমান গণি শিশুটির দায়িত্ব নিতে চান। পরে পুলিশ এবং উপজেলা প্রশাসন ওই দম্পতিকে শিশুটির লালন-পালনের দায়িত্ব দেয়। শিশুটিকে নিজ বাড়িতে নিয়ে যান ওই দম্পতি। নবজাতককে বুকে জড়িয়ে আদর করেন তাছলিমা। শিশুটিকে দেখতে ওই বাড়িতে ছুটে যায় আশপাশের গ্রামের মানুষ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল্ল্যা জানান, এক দিন বয়সী ওই ছেলে নবজাতকের স্বাস্থ্য পরীক্ষাসহ যাবতীয় কাজ শেষ করে নিঃসন্তান দম্পতির কাছে দেওয়া হয়েছে। সেই সঙ্গে শিশুটিকে লালন–পালনের জন্য ব্যক্তিগতভাবে কিছু অর্থসহায়তা দেওয়া হয়েছে ওই দম্পতিকে।
পেশায় রাজমিস্ত্রি আসমান আলী বলেন, প্রায় ১০ বছর আগে বিয়ে করলেও তাঁদের কোনো সন্তান হচ্ছিল না। পুলিশ ও উপজেলা প্রশাসনের কাছে শিশুকে লালন–পালনের জন্য অনুরোধ করলে দায়িত্ব দেওয়া হয়। নবজাতকটিকে নিজের সন্তানের মতো পড়ালেখা শিখিয়ে মানুষের মতো মানুষ করতে চান তিনি।
নবজাতকটির লালন-পালনের দায়িত্ব পাওয়াকে 'স্বপ্ন পূরণ' বলে উল্লেখ করেছেন তাছলিমা আক্তার। তিনি বলেন, 'একজন নারীর মা হওয়াটা সবচেয়ে বড় প্রাপ্তি। বিয়ের পর দীর্ঘদিনে সন্তান না হওয়ার কষ্ট বুকে চেপেছিলাম। আল্লাহ আমার মা হওয়ার স্বপ্ন পূরণ করেছেন। ওকে আমি সন্তানের আদরে বড় করব, লেখাপড়া শেখাব।’
নবজাতকটির দাবিদার বা কোনো স্বজন না পাওয়া যাওয়ায় তাকে লালন-পালনের জন্য ওই দম্পতির কাছে দেওয়া হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপন দেবনাথ।