রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যোগদানের দাবিতে এবার ‘অবৈধ’ নিয়োগপ্রাপ্তদের একাংশ মানববন্ধন করেছে। যোগদান না করতে দিলে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম করতে না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। এ ছাড়া যোগদানের জন্য তাঁরা বর্তমান রুটিন দায়িত্ব পালনকারী উপাচার্যকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন।
আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে ঘণ্টাব্যাপী মানববন্ধনে তাঁরা এ ঘোষণা দেন। এর আগে গত শনিবার বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতির জন্য রুটিন উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহাকে দায়ী করা হয়। তাঁদের যোগদানে বাধা হিসেবে সেদিন রুটিন উপাচার্যকে দায়ী করেন তাঁরা। আজ মানববন্ধনেও তাঁরা উপাচার্যকেই দুষেছেন।
বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা ও নিয়োগপ্রত্যাশী আতিকুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তৃতা করেন ছাত্রলীগের সাবেক সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ, ছাত্রলীগের সাবেক সহসভাপতি দেলওয়ার হোসেন, ফিরোজ মাহমুদ, রাবি ছাত্রলীগের বর্তমান সহসভাপতি মো. রাসেল, রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক ফারদিন, ছাত্রলীগ নেতা মতিউর মর্তুজা প্রমুখ।
ছাত্রলীগ নেতারা দাবি করেন, ৫ মে তাঁদের ১৩৮ জনকে নিয়োগ দিয়ে যান সাবেক উপাচার্য আবদুস সোবহান। ৬ মে তাঁরা নিয়োগপত্র পান। কিন্তু ৮ মে বর্তমান রুটিন উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা দায়িত্বে এসে কর্মস্থলে যোগদানে স্থগিত করেন। এটা তিনি করতে পারেন না।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি মো. রাসেল বলেন, তাঁরা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন আন্দোলন–সংগ্রাম করেছেন। এতে জামায়াত-শিবিরে আক্রমণের শিকার হয়েছেন। কিন্তু আজকে যখন তাঁরা নিয়োগ পেলেন, তখন আওয়ামী লীগপন্থীরাই তাঁদের বিপক্ষে যাচ্ছেন। বর্তমান রুটিন উপাচার্যও তাঁদের চাকরির আশ্বাস দিয়েছিলেন। কিন্তু এখন তিনি পুরোপুরি তাঁদের নিয়োগের বিপক্ষে কাজ করছেন। তাঁরা এখন শান্তিপূর্ণ আন্দোলন করে যাচ্ছেন। দাবি মেনে না নেওয়া হলে তাঁরা বিশ্ববিদ্যালয়ের কোনো স্বাভাবিক কার্যক্রম করতে দেবেন না। যোগদান না করতে দিলে সবকিছু অচল করে দেওয়া হবে। চলমান আন্দোলন আরও কঠোর হবে।
রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক ফারদিন বলেন, ভিসি আনন্দ কুমার সাহা তাঁদের সঙ্গে এক কথা বলেন, মন্ত্রণালয়ে আরেক কথা বলেন, আবার তাঁদের স্থানীয় নেতাদের সঙ্গে অন্য ধরনের কথা বলেন। তিনি উপাচার্য হওয়ার জন্য নেতাদের দ্বারে দ্বারে ঘুরেছেন। এটা বিশ্ববিদ্যালয়ের জন্য লজ্জাজনক। তিনি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার জন্য পুলিশের কাছে আবেদন করেছেন। তাঁর তো সেই দিনই পদত্যাগ করা দরকার ছিল। তিনি আরও বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে তাঁদের কর্মস্থলে যোগদান করতে দিতে হবে। যোগদানের স্থগিতাদেশ প্রত্যাহার করতে হবে। নইলে তাঁরা সামনে কঠোর আন্দোলনের ঘোষণা দেবেন। এমনকি বর্তমান রুটিন উপাচার্যের পদত্যাগের দাবিতেও তাঁরা আন্দোলন করবেন।
শিক্ষা মন্ত্রণালয়ের নিয়োগ নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করে চলতি বছরের ৬ মে সবাকে উপাচার্য এম আবদুস সোবহান তাঁর শেষ কর্মদিবসে ১৩৮ জনকে অবৈধভাবে নিয়োগপত্র দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ত্যাগ করেন। সেদিন বিকেলেই এই নিয়োগকে অবৈধ ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসে তদন্ত করে ২৩ মে তদন্ত প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ে জমা দিয়েছে। এই নিয়োগে তদন্ত কমিটি বিদায়ী উপাচার্যসহ কয়েকজনের সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে। তবে পদায়নের দাবিতে কয়েক দিন ধরে আন্দোলন করে আসছেন নিয়োগপ্রত্যাশীরা।