যৌতুক না পেয়ে স্ত্রীকে আটকে রেখে নির্যাতন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাহিদা অনুযায়ী যৌতুকের টাকা না পাওয়ায় নার্গিস আকতার (৩০) নামের এক গৃহবধূকে ঘরে দুদিন আটকে রেখে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার নার্গিস গুরুতর আহত অবস্থায় বন্দিদশা থেকে পালিয়ে এসে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। ঘটনাটি ঘটেছে আমতলী উপজেলার মাইঠা গ্রামে।

পরিবারিক সূত্রে জানা গেছে, শৈশবে বাবাকে হারিয়ে নার্গিস আকতার চাচা জাকির মোল্লার আশ্রয়ে বড় হন। ২০০০ সালে উপজেলার নাচনাপাড়া গ্রামের মৃত সিদ্দিক মোল্লার মেয়ে নার্গিস আকতারের সঙ্গে মাইঠা গ্রামের সেলিম খন্দকারের বিয়ে হয়। ওই সময় নার্গিসের পরিবার সেলিমকে যৌতুক হিসেবে ৫০ হাজার টাকা, স্বর্ণালংকারসহ অন্যান্য মালামাল দেয়। কিছুদিন যেতে না যেতেই সেলিম স্ত্রী নার্গিসের কাছে আবার যৌতুক দাবি করে তাঁকে বাবার বাড়িতে পাঠিয়ে দেন। বিয়ের পর থেকেই বিভিন্ন অজুহাতে সেলিমকে টাকা দিতে হয়েছে।
ঘর নির্মাণের কথা বলে গত বুধবার সেলিম স্ত্রী নার্গিসকে ৫০ হাজার টাকা আনার জন্য বাবার বাড়ি পাঠিয়ে দেন। বৃহস্পতিবার সকালে নার্গিস বাবার বাড়ি থেকে ২০ হাজার টাকা নিয়ে স্বামীর বাড়িতে যান। দুপুরে নার্গিস ২০ হাজার টাকা সেলিমের হাতে তুলে দেন। কিন্তু চাহিদা অনুযায়ী ৫০ হাজার টাকা না পেয়ে ক্ষিপ্ত হন সেলিম। এরপর গালাগালের একপর্যায়ে নার্গিসের গলায় থাকা সোনার চেইন ও কানের দুল খুলে দিতে বলেন। নার্গিস গয়না দিতে অস্বীকার করায় লাঠি ও রড দিয়ে তাঁকে বেধড়ক মারধর করেন সেলিম। এতে সংজ্ঞা হারিয়ে ফেলেন নার্গিস। এ অবস্থায় তাঁকে ঘরে আটকে রেখে বাবার বাড়ির লোকজনকে খবর দিয়ে বাকি টাকা আনতে বলেন। এভাবে দুদিন ঘরের মধ্যে আটকে রেখে টাকা আনার জন্য নির্যাতন চালান সেলিম। শনিবার দুপুরে স্বামীর বাড়ি থেকে কৌশলে পালিয়ে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন তিনি।
শনিবার রাতে আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, নার্গিস নারী ওয়ার্ডের শয্যায় যন্ত্রণায় কাতরাচ্ছেন। তাঁর ডান চোখে রক্ত জমাট হয়ে ফুলে আছে। এ ছাড়া হাঁটু, গোড়ালি, নাক ও শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে।
আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সের কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা গৌরাঙ্গ হাজরা বলেন, নার্গিসের ডান চোখে রক্ত জমাট, চোখের নিচে লালচে ফোলা, নাকের ওপরে আঘাত, বাম পায়ের গোড়ালিসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর সুস্থ হতে সময় লাগবে।
নার্গিসের মা রিজিয়া বেগম বলেন, ‘গত বুধবার নার্গিসকে ওর স্বামী সেলিম আমাদের বাড়িতে পাঠিয়ে দেয় ঘর তোলার জন্য ৫০ হাজার টাকা নিতে। আমি ও ওর চাচারা মিলে ২০ হাজার টাকা জোগাড় করে মেয়েকে পাঠিয়ে দিই। বাকি টাকা না দেওয়ায় দুদিন ঘরের মধ্যে আটকে রেখে আমার মেয়েকে অমানুষিক নির্যাতন করে।’
অভিযুক্ত সেলিম খন্দকারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে তাঁর ফোন বন্ধ পাওয়া গেছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদ উল্লাহ বলেন, ‘বিষয়টি আমার জানা নেই এবং আমাদের কাছে কেউ অভিযোগও করেনি। অভিযোগ পেলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’