যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় স্বামী কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারাগার
প্রতীকী ছবি

শেরপুরে যৌতুকের দাবিতে স্কুলশিক্ষক স্ত্রীকে নির্যাতনের অভিযোগে করা মামলায় স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে কসবা কাচারীপাড়া এলাকার বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তারের পর বিকেলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. আবদুর রউফ। তিনি সদর উপজেলার কসবা কাচারীপাড়া এলাকার আবদুল বারীর ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০০৮ সালে আবদুর রউফের সঙ্গে সদর উপজেলার হেরুয়া নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক খান জাহান কাঁকনের বিয়ে হয়। তাঁদের ঘরে একটি মেয়েসন্তান রয়েছে। কিন্তু বিয়ের পর থেকে স্বামী রউফ স্ত্রী কাঁকনকে বিভিন্ন সময়ে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন। যৌতুক দাবি করে এরই মধ্যে কয়েক লাখ টাকা আদায় করেন। এরপরও বন্ধ হয়নি নির্যাতন। গত বুধবার রউফ আবারও যৌতুকের দাবিতে স্ত্রীকে বেদম মারপিট করেন। নির্যাতন সহ্য করতে না পেরে কাঁকন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বুধবার রাতে আবদুর রউফের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন। পরে বৃহস্পতিবার সকালে পুলিশ রউফকে গ্রেপ্তার করে।

মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. রুবেল মিয়া প্রথম আলোকে বলেন, পুলিশের প্রাথমিক তদন্তে স্বামী আবদুর রউফের বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতনের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তাঁকে গ্রেপ্তার করে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।