যৌথ মহড়া শেষে চট্টগ্রাম বন্দরে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর যুদ্ধজাহাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যৌথ মহড়ায় অংশ নেওয়া যুক্তরাষ্ট্র নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘ইউএসএস টুলসা’
ছবি: আইএসপিআর

বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে যৌথ মহড়ায় অংশ নেওয়া যুক্তরাষ্ট্র নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘ইউএসএস টুলসা’ চট্টগ্রাম বন্দরের জেটিতে এসে পৌঁছেছে। এই মহড়ার নাম দেওয়া হয়েছে ‘কো-অপারেশন অ্যাফ্লোট রেডিনেস অ্যান্ড ট্রেনিং’ বা কারাত-২০২১। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শনিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে যৌথ মহড়া শুরু হয়। রোববারও ভিডিও কনফারেন্সের মাধ্যমে চলে এই মহড়া। এরপর গত সোমবার ও গতকাল মঙ্গলবার যুদ্ধজাহাজটি বঙ্গোপসাগরে যৌথ মহড়ায় অংশ নেওয়া শেষে আজ যুদ্ধজাহাজটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়। জাহাজটি বন্দরের জেটিতে পৌঁছানোর পর কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন মাসুদুল করিম সিদ্দিকী জাহাজটিকে স্বাগত জানান। এ সময় নৌবাহিনীর একটি সুসজ্জিত বাদক দল ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী বাদ্য পরিবেশন করে জাহাজটিকে স্বাগত জানায়।

সফরকারী জাহাজটির নেতৃত্ব দিচ্ছেন কমান্ডার উইলিয়াম ডিভোর‌্যাক। সফরকালে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত, চট্টগ্রাম নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার অ্যাডমিরাল এম মোজাম্মেল হক এবং কমান্ডার বিএন ফ্লিট রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

মহড়ায় যুক্তরাষ্ট্র নৌবাহিনীর যুদ্ধজাহাজ ও হেলিকপ্টার এবং বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ সমুদ্র অভিযান, প্রত্যয়, দুর্জয় এবং মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট (এমপিএ) অংশ নেয়। যৌথ এ প্রশিক্ষণ মহড়ার মূল লক্ষ্য যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ নৌবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক উন্নয়নের পাশাপাশি উভয় দেশের নৌবাহিনীর প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি করা। এ ছাড়া উন্নত প্রযুক্তির ওপর তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান অর্জন করা।

কাল বৃহস্পতিবার চট্টগ্রামের বানৌজা ঈসা খানের স্কুল অব মেরিটাইম ওয়ারফেয়ার অ্যান্ড ট্যাকটিক্স (এসএমডব্লিউটি) মহড়ার সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ও জাহাজটির অধিনায়ক অংশগ্রহণ করবেন। ১১ ডিসেম্বর জাহাজটি বাংলাদেশ ত্যাগ করবে।