যৌন নিপীড়ন করায় এক ব্যক্তিকে পুলিশে সোপর্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যৌন হয়রানি
প্রতীকী ছবি

বগুড়ার শেরপুর উপজেলায় একটি ধর্মীয় অনুষ্ঠানে এক নারীকে যৌন নিপীড়নের অভিযোগে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। ওই নারীর করা মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর প্রস্তুতি  নিচ্ছে পুলিশ।

গতকাল সোমবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার পৌর শহর এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ওই ব্যক্তির নাম বিটুল ভৌমিক (৪৫)। তিনি শেরপুর পৌর শহরের উত্তর সাহাপাড়া মহল্লার শিশুপার্ক এলাকার বাসিন্দা।

মামলার বাদী ওই নারী বলেন, স্বামী ও পরিবারের অন্য সদস্যদের নিয়ে তিনি শহরের একটি ধর্মীয় অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানে বিটুল ভৌমিক নামের ওই ব্যক্তি বারবার তাঁকে যৌন নিপীড়ন করেছিলেন। এ সময় তিনি চিৎকার দিলে পরিবারের সদস্যরাসহ স্থানীয় লোকজন বিটুল ভৌমিককে আটক করেন। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়।

সোমবার রাতে ওই অনুষ্ঠানে উপস্থিত দুই ব্যক্তি প্রথম আলোকে বলেন, যৌন নিপীড়নের শিকার হওয়া ওই নারী চিৎকার করে ওঠেন। এ সময় ওই নারী বিটুল ভৌমিকের পরিধেয় কাপড় ধরে মারধর করতে থাকেন। এতে বিটুল দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় স্থানীয় লোকজন তাঁকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন।

শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সনাতন চন্দ্র সরকার প্রথম আলোকে বলেন, যৌন নিপীড়নের শিকার ওই নারীর অভিযোগ গতকাল রাতেই মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। এ মামলায় বিটুল ভৌমিককে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হবে।