যৌন হয়রানির অভিযোগ তদন্তে বগুড়ায় যাচ্ছে মাউশির দল
বগুড়ার বিয়াম মডেল স্কুল ও কলেজের প্রাক্তন দুই ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ খতিয়ে দেখতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে তিন সদস্যবিশিষ্ট আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামীকাল বুধবার কমিটির সদস্যদের সরেজমিন তদন্ত করতে বলা হয়েছে। অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে গতকাল সোমবার এ কমিটি গঠন করা হয়েছে।
কমিটির সদস্যরা হলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের পরিচালক কামাল হোসেন, রাজশাহী পিএন বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদ আরা এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের সহকারী প্রোগ্রামার জলি রানি পাল।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের পরিচালক কামাল হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এই তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করা হয়।
আগামী ২ সেপ্টেম্বর বুধবার কমিটি সরেজমিন প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে এই তদন্তকাজ সম্পন্ন করবেন বলে বিয়াম মডেল স্কুল ও কলেজের অধ্যক্ষের নিকট পাঠানো চিঠিতে জানানো হয়েছে।
এর আগে জেলা প্রশাসকের পক্ষ থেকে তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়। আগামী বৃহস্পতিবার এই কমিটি প্রতিষ্ঠানের অধ্যক্ষকক্ষে অভিযুক্ত দুই শিক্ষক ও অভিযোগ তোলা দুই ছাত্রীকে উপস্থিত থাকতে চিঠি দিয়েছে। সেখানে অভিযোগের শুনানি হবে।
একই ঘটনায় গঠিত দুটি তদন্ত কমিটি সমন্বিতভাবে কাজ করবে কি না, জানতে চাইলে বিয়াম মডেল স্কুল ও কলেজের অধ্যক্ষ মুস্তাফিজুর রহমান বলেন, জেলা প্রশাসকের পক্ষ থেকে গঠন করা তদন্ত কমিটি বৃহস্পতিবার আলাদাভাবে তদন্তকাজ করবে। অন্যদিকে মাউশির পক্ষ থেকে গঠন করা তদন্ত কমিটি বুধবার আলাদাভাবে অভিযোগ তদন্ত করবে। সমন্বিতভাবে কোনো তদন্ত হবে না।
এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ২৮ আগস্ট সাময়িক বরখাস্ত করা হয় এই দুই শিক্ষককে।
দুই শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ
বিয়াম মডেল স্কুল ও কলেজ সূত্রে জানা গেছে, ইংরেজি বিভাগের প্রভাষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন প্রাক্তন এক শিক্ষার্থী। তাঁর অভিযোগ, প্রতিবাদ করায় তাঁকে ফোন করে হুমকি দেন ওই শিক্ষক। ওই ফোনালাপের অডিও ও অশ্লীল প্রস্তাবের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার (ভাইরাল) পর তোলপাড় শুরু হয়।
শিক্ষার্থী ও শিক্ষক সূত্রে জানা গেছে, ইংরেজি বিভাগের প্রভাষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করা মেয়েটি এখন মেডিকেল কলেজে দ্বিতীয় বর্ষে পড়েন। তিনি বিয়াম মডেল স্কুল ও কলেজ থেকে ২০১৬ সালে এসএসসি ও ২০১৮ সালে এইচএসসি পাস করেন। এসএসসির প্রাক-নির্বাচনী পরীক্ষার সময় হলে গিয়ে ‘বাজে ইঙ্গিত’ করে মেয়েটিকে দেখা করতে বলেন শিক্ষক। ‘কুমতলব’ আছে ভেবে মেয়েটি আর দেখা করেননি। সম্প্রতি ওই শিক্ষক মেয়েটিকে ফেসবুকে ‘ফ্রেন্ড রিকোয়েস্ট’ পাঠান। মেয়েটি তা গ্রহণ করেন। গত ২১ আগস্ট রাতে শিক্ষক ফেসবুকের মেসেঞ্জারে মেয়েটিকে অশ্লীল প্রস্তাব দেন। মেয়েটিকে অশ্লীল ছবি পাঠাতে বলেন।
ওই ছাত্রীর অভিযোগ, ‘অন্য কোনো ছাত্রীর সঙ্গে যাতে তিনি (ওই শিক্ষক) এসব করতে না পারেন, সে জন্য ওই লেখার স্ক্রিনশট ফেসবুকে দিই। এরপর তিনি ফোন করে আমাকে হুমকি দেন। আমার অশ্লীল ছবি বানিয়ে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। বাড়াবাড়ি করলে আমার ক্ষতি হবে বলেও শাসান।’
ইংরেজি বিভাগের ওই প্রভাষক তাঁর মেসেঞ্জার থেকে প্রাক্তন ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগ অস্বীকার করেননি। প্রথম আলোকে তিনি বলেন, ফেসবুক আইডিটা তাঁর নিজের। মেসেঞ্জারে উত্ত্যক্ত করার বিষয়টিও সত্য। তবে ফেসবুকে চ্যাটিংয়ের সময় তাঁর মুঠোফোনটা ‘মিস ইউজ (অপব্যবহার)’ হয়েছে দাবি করে বলেন, ‘এ নিয়ে এখন আর কিছুই বলতে চাই না।’
মেডিকেলের ওই ছাত্রীকে যৌন হয়রানি করার ঘটনা নিয়ে ফেসবুকে যখন তোলপাড়, তখন বিয়াম মডেল স্কুল ও কলেজের আরেক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন আরেক প্রাক্তন ছাত্রী। ওই মেয়েটিও এ নিয়ে গণমাধ্যমে মুখ খোলেন। মেয়েটির অভিযোগ, প্রতিষ্ঠানটির বাংলা বিভাগের প্রভাষক গত জানুয়ারি মাসে তাঁকে যৌন হয়রানি ও শ্লীলতাহানির চেষ্টা করেন।
বর্তমানে বগুড়া শহরের একটি সরকারি কলেজে পড়া মেয়েটি প্রথম আলোকে বলেন, ২০ জানুয়ারি এক আত্মীয়ের বাসায় বেড়াতে যান তিনি। সেখানে ওই প্রভাষকের সঙ্গে দেখা হয়। সন্ধ্যার সময় তিনি নিজের বাসার সামনে দাঁড়িয়ে ছিলেন। তাঁকে দেখে সালাম দেন। তিনি বাসায় নেওয়ার জন্য জোরাজুরি করেন। রাজি না হওয়ায় তাঁকে জড়িয়ে ধরার চেষ্টা করেন। বাসায় নিতে হাত ধরে টানাহেঁচড়াও শুরু করেন। পরে তিনি (মেয়েটি) চিৎকার দিলে তিনি (শিক্ষক) তাঁকে ছেড়ে দিতে বাধ্য হন।
ওই ছাত্রীর ভাষ্য, পরদিন তিনি অধ্যক্ষের কাছে বিচার দাবি করেন। কিন্তু কোনো আশ্বাস পাননি। ফলে ২২ জানুয়ারি জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেন। কিন্তু বিচারের বদলে উল্টো অভিযোগ প্রত্যাহারের চাপ শুরু হয়। শিক্ষকেরা নানাভাবে ভয়ভীতি দেখান। একজন অতিরিক্ত জেলা প্রশাসকও অভিযোগ প্রত্যাহারের জন্য চাপ দেন। মাসখানেক পর অধ্যক্ষের কক্ষে ডাকা হয় মেয়েটিকে। সেখানে মৌখিকভাবে শিক্ষক ক্ষমা চান। বিষয়টি মীমাংসা করতে মেয়েটিকে বাধ্য করা হয়।
বিয়াম মডেল স্কুল ও কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান অবশ্য দাবি করেন, মেয়েটিই অভিযোগ প্রত্যাহার করে নিয়েছিলেন। ফলে বিষয়টি মিটমাট হয়ে যায়। চাপ দেওয়ার অভিযোগ সত্য নয়।
বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) মাসুম আলী বেগও দাবি করেন, ভুল-বোঝাবুঝি থেকে ঘটনাটি ঘটেছিল উল্লেখ করে শিক্ষক ও ছাত্রী দুজনই মিটমাট করে নেন। ফলে অভিযোগ তদন্তের আর প্রয়োজন হয়নি।