রংপুর ও গাজীপুরের দুই মামলার পলাতক পাঁচ আসামি সাভারে গ্রেপ্তার
রংপুরের পীরগাছা উপজেলায় ফেসবুক লাইভে এসে যুবকের আত্মহত্যার ঘটনায় করা মামলায় ঢাকার সাভার উপজেলা থেকে চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। এ ছাড়া গাজীপুরের জয়দেবপুরের নিজাম উদ্দিন হত্যা মামলায় আট বছর ধরে পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ শনিবার সকালে গণমাধ্যমে পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে পাঠিয়ে র্যাব এসব তথ্য জানিয়েছে।
আত্মহত্যার প্ররোচনা মামলায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রংপুরের মো. শাহজাহান ইসলাম (৫০), মো. ইমদাদুল হক (৩৫), মোছা. শামীমা ইয়াসমিন (২৩) ও মোছা. বিথী আক্তার (৩০)। জয়দেবপুর উপজেলার নিজাম উদ্দিন হত্যা মামলায় গ্রেপ্তার ব্যক্তি হলেন মো. সোহেল রানা (৩৪)।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গত ১২ ফেব্রুয়ারি সকালে রংপুরের পীরগাছা থানা এলাকায় ইমরোজ হোসেন (৩০) নামের এক যুবক ফেসবুক লাইভে এসে বিষ পান করে আত্মহত্যা করেন। এ সময় তিনি আত্মহত্যার জন্য স্ত্রী, শ্বশুর, চাচা শ্বশুর ও ভায়রা ভাইসহ শ্বশুরবাড়ির আরও কয়েকজনকে দায়ী করেন। ওই ঘটনায় করা আত্মহত্যার প্ররোচনার মামলায় গতকাল শুক্রবার ভোরে সাভারের হেমায়েতপুরের একতা হাউজিং এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে র্যাব-৪। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা আত্মহত্যার প্ররোচনার সঙ্গে জড়িত বলে স্বীকারোক্তি দিয়েছেন; র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য দেওয়া হয়েছে। তাঁদের পীরগাছা থানায় হস্তান্তর করা হবে।
গাজীপুরের জয়দেবপুরের নিজাম উদ্দিনের হত্যা মামলার বিষয়ে র্যাবের আরেকটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৪ সালের ২ ফেব্রুয়ারি রাতে জয়দেবপুর এলাকায় ডেকে নিয়ে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে নিজাম উদ্দিন নামের ব্যবসায়ীকে হত্যা করা হয়। ওই ঘটনায় নিজামের স্ত্রী বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি হত্যা মামলা করেন। পরে মো. সোহেলসহ অন্য আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা। তবে সোহেল আত্মগোপনে গিয়ে আট বছর পলাতক ছিলেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় আশুলিয়ার চক্রবর্তী এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে র্যাব।