রংপুর চিড়িয়াখানায় বয়স্ক বাঘিনীটি মারা গেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেঙ্গল টাইগারটি মারা যাওয়ায় রংপুর চিড়িয়াখানায় বাঘের খাঁচাটি এখন শূন্য। আজ শনিবার তোলা
ছবি: মঈনুল ইসলাম

রংপুর চিড়িয়াখানায় ‘শাওন’ নামের একটি বাঘিনী মারা গেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে প্রাণীটি মারা যায়। বার্ধক্যের কারণে এটি মারা গেছে বলে জানিয়েছেন রংপুর চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর আম্বর আলী তালুকদার।

বেঙ্গল টাইগারটি মারা যাওয়ায় চিড়িয়াখানায় বাঘের খাঁচা এখন শূন্য রয়েছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, খাঁচায় একটি মাত্র বাঘিনী ছিল। এটিকে ২০১০ সালে রংপুর চিড়িয়াখানায় আনা হয়। এটির জন্ম ২০০৩ সালের ৩০ জুন। বয়স হয়েছিল ১৮ বছর ৭ মাস।

চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর আম্বর আলী প্রথমে আলোকে বলেন, বাঘ সাধারণত ১৫ থেকে ১৬ বছর পর্যন্ত বাঁচে। সে অনুযায়ী এর বয়স আরও বেশি হয়েছিল। বার্ধক্যের কারণে বাঘিনীর মৃত্যু হয়েছে। গতকাল রাতেই চিড়িয়াখানায় ময়নাতদন্ত শেষে সেখানেই পরিবেশসম্মতভাবে মাটিতে পোঁতা হয়েছে।

প্রায় সাড়ে ২২ একর জমির ওপর গড়ে ওঠা রংপুর চিড়িয়াখানা ১৯৮৯ সালে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়। এখানে বাঘ, সিংহ, গন্ধগোকুল, শকুন, চিল, বাজপাখি, চিত্রা হরিণ, জলহস্তী, খরগোশ, শজারু, গাধা, হনুমান, বানর, ভালুক, ময়ূর, চন্দনা, টিয়া, নিশিবক, সাদা বক, কানিবক, পানকৌড়ি, মদনটাক, ঘোড়া, ইগল, ক্যাসোরিয়া, ঘড়িয়াল, কুমির, অজগর, টার্কি, বনবিড়াল, প্যাঁচা, ইমু, উটপাখিসহ প্রাণীর সংখ্যা ২৬০।