রংপুর নগর, বাঁশের খুঁটিতে বিদ্যুতের তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর নগরের ৪ নম্বর ওয়ার্ডের খটখটিয়া এলাকায় শতাধিক বাড়িতে বাঁশের খুঁটিতে বিদ্যুতের সংযোগ দেওয়া হয়েছে। এতে ঝুঁকিতে এলাকাবাসী।
ছবি: মঈনুল ইসলাম

রংপুর নগরের খটখটিয়া টাইগারপাড়া এলাকায় বাঁশের খুঁটি দিয়ে শতাধিক পরিবারের বিদ্যুৎ–সংযোগ দেওয়া হয়েছে। এর ফলে ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়েছে ওই এলাকার পরিবারগুলো। প্রায় পাঁচ বছর আগে ওই এলাকায় বিদ্যুতের খুঁটি বসানোর জন্য আবেদন করলেও তা এখনো বাস্তবায়ন করা হয়নি বলে অভিযোগ এলাকার জনগণের।

নগরের ৪ নম্বর ওয়ার্ডে খটখটিয়া টাইগারপাড়া লালপুল সেতুর মোড় এলাকা থেকে রাস্তার ধার দিয়েই বাঁশের খুঁটি পুঁতে বিদ্যুতের তার ঝুলিয়েছে স্থানীয় বিদ্যুৎ বিভাগ। তারের জটলার ভার সইতে না পেরে বাঁশগুলো হেলে পড়েছে। কোথাওবা হেলে থাকা বাঁশ ঠেকানো হয়েছে আরেকটি বাঁশ দিয়ে। সড়কের প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে বসতি থাকলেও কোনো বিদ্যুতের খুঁটি নেই।

এ বিষয়ে রংপুর সিটি করপোরেশনের মেয়র মাহমুদুর রহমান জানিয়েছেন, এলাকাবাসীর লিখিত অভিযোগের ভিত্তিতে ওই এলাকায় বিদ্যুতের খুঁটি বসানোর জন্য রংপুরের বিদ্যুৎ বিভাগকে অনেক আগেই সুপারিশ করা হয়েছে।

স্থানীয় জনগণ জানিয়েছেন, বিদ্যুতের খুঁটি না থাকায় সেখানকার লোকজন কয়েক বছর আগে বিদ্যুৎ কার্যালয়কে ‘ম্যানেজ’ করে এক বাড়ি থেকে অন্য বাড়িতে বিদ্যুৎ–সংযোগ নিয়েছেন। কিন্তু বিদ্যুতের খুঁটি না থাকায় লোকজন উপায় না পেয়ে বাধ্য হয়ে বাঁশের খুঁটি ব্যবহার করেছেন।

আজ সোমবার সরেজমিনে দেখা যায়, এলাকাজুড়ে একটি সড়ক, এর আশপাশের এলাকা এবং জমির ওপর দিয়ে বাঁশের খুঁটিতে বিদ্যুতের তার ঝুলছে। বাঁশের খুঁটিতে এসব তার হেলে গিয়ে ঝুলে পড়েছে। এমন এক ঝুঁকিপূর্ণ অবস্থায় সেখানকার মানুষ বিদ্যুৎ–সংযোগ নিয়ে জীবন যাপন করছে।

এ ছাড়া এলাকার বাড়িগুলোতে বিদ্যুৎ–সংযোগ থাকলেও বিদ্যুতের খুঁটি থেকে এসব বিদ্যুৎ–সংযোগ নেওয়া হয়নি। সড়কের একটি স্থানে একটি বিদ্যুতের খুঁটি থেকে এলাকার বাড়িগুলো অনেক দূরত্বে অবস্থিত। ফলে এক বাড়ি থেকে আরেক বাড়িতে বিদ্যুৎ কার্যালয়ের নিয়ম অনুযায়ী সার্ভিস সংযোগ নেওয়া হয়েছে। এসব সার্ভিস সংযোগ নিতে বাঁশের খুঁটি ব্যবহার করতে হয়েছে তাদের।

এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, এই এলাকার কিছু অংশ আগে পল্লী বিদ্যুতের আওতাধীন ছিল। পল্লী বিদ্যুৎ চলে যাওয়ায় এবং সিটির আওতায় আসায় এই সমস্যা হয়েছে। তবে এরই মধ্যে পুরো বিষয়টি সিটি করপোরেশনকে জানানো হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, মারাত্মক ঝুঁকি নিয়ে এই রাস্তা দিয়ে চলাচল করতে হয়। বাঁশের খুঁটি ভেঙে গিয়ে বিদ্যুতের তার যেকোনো সময় ছিঁড়ে পড়তে পারে। বিদ্যুৎ কর্তৃপক্ষকে জানানো হলেও দীর্ঘ কয়েক বছরেও ব্যবস্থা নেওয়া হয়নি।

রংপুর সিটি করপোরেশনের প্যানেল মেয়র মাহমুদুর রহমান বলেন, ‘জনপ্রতিনিধি হিসেবে আমি এলাকা পরিদর্শনে গিয়ে বিষয়টির সত্যতা পেয়েছি। এটি বিদ্যুৎ বিভাগকে অবগত করা হয়েছে। আশা করি, অল্প কিছুদিনের মধ্যে খুঁটি বসানোর কাজ শুরু হবে।’

বিষয়টি জানতে চাইলে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাইয়ের (নেসকো) প্রধান প্রকৌশলী শাহাদত হোসেন প্রথম আলোকে বলেন, ইতিমধ্যে এলাকা পরিদর্শন করে একটি প্রকল্প নেওয়া হয়েছে। ওই এলাকার কিছু স্থানে বিদ্যুতের খুঁটি বসানোর কাজ শিগগিরই শুরু করা হবে।