রংপুর নগরে পানি সরে গেলেও দুর্ভোগ কমছে না
গত শনিবার রাতের রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতে নগরের অধিকাংশ এলাকা পানিতে তলিয়ে যায়। এক দিনে ৪৪৭ মিলিমিটার বৃষ্টি হয়।
ভারী বর্ষণে রংপুর নগরের নিম্নাঞ্চলের বাসিন্দারা চার দিন পানিবন্দী থাকায় দুর্ভোগ পোহাচ্ছে। এসব এলাকার পাড়া–মহল্লার বাড়িঘর ও সড়কে এখনো পানি জমে আছে। নগরের অধিকাংশ এলাকা থেকে পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। এ কারণে অসুস্থ হয়ে পড়ছে অনেকে।
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, পরিস্থিতি মোকাবিলায় বিনা মূল্যে চিকিৎসা, খাওয়ার স্যালাইন বিতরণ ও জরুরি সেবা দেওয়া হচ্ছে। চিকিৎসাসেবা দেওয়ার জন্য ১০টি মেডিকেল টিম কাজ করছে। এ ছাড়া ১১২ জন পরিচ্ছন্নতাকর্মী কাজ করছেন।
গত শনিবার রাতের রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতে নগর পানিতে তলিয়ে যায়, যা এই নগরের মানুষ আগে কখনো দেখেনি। এক দিনে ৪৪৭ মিলিমিটার বৃষ্টি হয়। আবহাওয়া কার্যালয়ের হিসাব অনুযায়ী, ৭০ বছরের বৃষ্টিপাতের তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি বৃষ্টিপাত। শ্যামাসুন্দরী খাল দিয়ে পানিনিষ্কাশনব্যবস্থা অকার্যকর হয়ে পড়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে নগরের বাসিন্দা ও সিটি করপোরেশন সূত্রে জানা গেছে।
গতকাল মঙ্গলবার সকালে গিয়ে দেখা যায়, নগরের মুলাটোল, হনুমানতলা, জলকর, নীলকণ্ঠ, বাবু খাঁ, বনানীপাড়া, পর্যটনপাড়া, কোতোয়ালি থানা, কেরানীপাড়া, মুন্সিপাড়া, সাতগাড়া মিস্ত্রিপাড়ার অনেক ঘরে পানি জমে রয়েছে। এসব এলাকার সড়কে রয়েছে পানি।
এলাকায় পানিবন্দী মানুষকে শুকনো খাবার দেওয়া হচ্ছে। সেই সঙ্গে প্রয়োজনীয় ওষুধসহ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
মুলাটোল এলাকার গৃহিণী রাবেয়া মরিয়ম জানান, তিনি শনিবার রাত থেকে সোমবার রাত পর্যন্ত ঘরে তালা দিয়ে অন্যের দোতলা বাড়িতে ছিলেন। গতকাল বেলা ১১টার দিকে বাড়ি ফিরে এসেছেন। তিনি বলেন, আসবাব পানিতে ডুবে আছে। সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে। তাঁর মতো দুর্ভোগ সবারই হয়েছে। এখন ঘরবাড়ি পরিষ্কার করে জীবনটাকে সুস্থ রাখতে হবে।
নগরের বিভিন্ন এলাকা থেকে পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে শিশু-কিশোরসহ অনেকে বমি, পাতলা পায়খানা ও পেটের পীড়ায় ভুগছে। বেশির ভাগ মানুষ বাড়িতেই প্রাথমিক চিকিৎসা নিচ্ছে।
পরিস্থিতি মোকাবিলায় সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগের ১০টি দল কাজ করছে। প্রতিটি দলে রয়েছেন তিন থেকে পাঁচজন কর্মী। তাঁরা এলাকায় বাড়ি বাড়ি গিয়ে বিনা মূল্যে খাওয়ার স্যালাইন সরবরাহ করছেন। এ ছাড়া প্রতিটি পাড়া–মহল্লার তরুণ-যুবকেরা ব্যক্তিগত উদ্যোগেও জরুরি ওষুধসহ খাওয়ার স্যালাইন দিচ্ছেন। সেই সঙ্গে বাড়িতে থাকা শুকনো খাবারও সরবরাহ করা হচ্ছে।
স্বেচ্ছাশ্রমে কাজ করছেন নিউ জুম্মাপাড়া এলাকার বাসিন্দা মফিজুল ইসলাম। তিনি বলেন, এলাকায় পানিবন্দী মানুষকে শুকনো খাবার দেওয়া হচ্ছে। সেই সঙ্গে প্রয়োজনীয় ওষুধসহ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
নগরের কেরানীপাড়ার বাসিন্দা রেজাউল ইসলাম জানান, তাঁর স্ত্রী ও সন্তানেরা বমি ও পেটব্যথ্যায় ভুগছেন। বিশুদ্ধ পানির অভাব ও নোংরা আবর্জনার পচা দুর্গন্ধে মানুষ অসুস্থ হয়ে পড়ছে।
জেলা প্রশাসন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আশ্রয় নেওয়া ৫০০ পরিবারের মধ্যে শুকনো খাবার বিতরণ করেছে। এ ছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে সিটি করপোরেশনকে ২০ মেট্রিক টন চাল দেওয়া হয়েছে।
সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান বলেন, শ্যামাসুন্দরী খাল খনন না হওয়ার কারণে এই দুর্ভোগ হয়েছে। তা ছাড়া নগরবাসী যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলায় নর্দমার মুখগুলো বন্ধ হয়ে গেছে। পচা দুর্গন্ধে মানুষ অসুস্থ হয়ে পড়ায় মেডিকেল টিম দিনরাত কাজ করছে।