রংপুরে রিকশাচালকের মৃত্যুর ঘটনায় পুলিশ কনস্টেবল ৪ দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর নগরে প্রতিবন্ধী রিকশাচালক নাজমুল ইসলামকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে করা মামলায় পুলিশ কনস্টেবল হাসান আলীর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পাশাপাশি মামলার অপর আসামি হাসান আলীর স্ত্রী সাথী বেগমকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত।

মামলার তদন্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম গত বৃহস্পতিবার আসামিদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে আজ বুধবার এই শুনানি অনুষ্ঠিত হয়। আজ দুপুরে মেট্রোপলিটন তাজহাট আমলি আদালতের বিচারক আল মেহেবুব এই রিমান্ড আবেদন মঞ্জুর করেন। আদালত পরিদর্শক নাজমুল কাদের প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।

২৩ ডিসেম্বর বিকেলে রংপুর নগরের আশরতপুর কোর্টপাড়ার রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে কর্মরত কনস্টেবল হাসান আলীর ভাড়া বাড়ি থেকে প্রতিবন্ধী রিকশাচালক নাজমুল ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তাজহাট থানা সূত্র জানায়, নাজমুল ইসলাম লালমনিরহাটের মুস্তফি এলাকার আশরাফ আলীর ছেলে। তিনি রংপুর নগরে আশরতপুর ঈদগাহপাড়ায় বাড়ি ভাড়া নিয়ে বসবাস করতেন। তাঁর পায়ে সমস্যা থাকায় পুলিশ কনস্টেবল হাসান আলীর গ্যারেজ থেকে নেওয়া ব্যাটারিচালিত রিকশা ভাড়ায় চালাতেন তিনি। রিকশাটি ২২ ডিসেম্বর চুরি হয়ে যায়। এতে রিকশাচালক নাজমুলকে দুই দফায় মারধর করেন পুলিশ কনস্টেবল হাসান আলী। এজাহারে বলা হয়েছে, হাসান আলী রাস্তা থেকে রিকশাচালক নাজমুলকে তাঁর ভাড়া বাড়িতে ধরে নিয়ে গিয়ে পেটান।

প্রতিবন্ধী রিকশাচালক নাজমুল ইসলামের পায়ে সমস্যা থাকায় পুলিশ কনস্টেবল হাসান আলীর গ্যারেজ থেকে নেওয়া ব্যাটারিচালিত রিকশা ভাড়ায় চালাতেন। রিকশাটি ২২ ডিসেম্বর চুরি হয়ে যায়। এতে রিকশাচালক নাজমুলকে দুই দফায় মারধর করেন পুলিশ কনস্টেবল হাসান আলী।

পরদিন ২৩ ডিসেম্বর স্থানীয় লোকজনের কাছে নাজমুল আত্মহত্যা করেছেন বলে প্রচার করেন হাসান আলী। বিকেলে হাসান আলীর কোর্টপাড়ার ভাড়া বাসা থেকে নাজমুলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে নাজমুলের স্ত্রী শ্যামলী বেগম ওই দিনই বাদী হয়ে হাসান আলী ও তাঁর স্ত্রী সাথী বেগমকে আসামি করে মামলা করেন। ঘটনা জানাজানির পর এলাকাবাসী রিকশাচালককে হত্যার অভিযোগে পার্ক মোড় এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। ওই দিনই স্ত্রীসহ হাসান আলীকে আটক করে থানায় নেয় পুলিশ।

এদিকে ২৪ ডিসেম্বর আসামিদের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম। ওই দিন জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফজলে ইলাহী খান আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন এবং আজ রিমান্ড শুনানির দিন ধার্য করেন। আজ এ বিষয়ে শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন তাজহাট আমলি আদালতের বিচারক আল মেহেবুব। শুনানির সময় আসামিদের আদালতে নেওয়া হয়নি।