রংপুর নগরে শনিবার ৩৩টি কেন্দ্রে করোনার টিকাদান কার্যক্রম

ফাইল ছবি

রংপুর সিটি করপোরেশন এলাকায় শনিবার করোনাভাইরাসের গণটিকাদান কার্যক্রম পরিচালিত হবে। এ জন্য ৩৩টি ওয়ার্ডে ৩৩টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এসব কেন্দ্রে সকাল নয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত টিকা দেওয়া হবে।

সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ শাখা সূত্র জানায়, আপাতত এক দিনের জন্য নগরের ৩৩টি ওয়ার্ডের প্রতিটি কেন্দ্রে ৬০০ জন করে টিকাপ্রত্যাশীদের টিকা দেওয়া হবে। নতুন করে নগর এলাকার জন্য ১ লাখ ১৬ হাজার মডার্নার টিকা এসেছে। এসব টিকা থেকে সিটির প্রতিটি ওয়ার্ডে প্রায় ২০ হাজার টিকা দেওয়ার প্রস্তুতি গ্রহণ করা হয়। টিকাপ্রত্যাশীদের টিকাকেন্দ্রে জাতীয় পরিচয়পত্র সঙ্গে নিয়ে আসার জন্য আহ্বান জানানো হয়েছে। এ জন্য প্রতিটি ওয়ার্ডে মাইকযোগে প্রচার চালানো হয়েছে।

এ ছাড়া রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রে টিকা দেওয়ার জন্য যাঁরা নিবন্ধন করেছেন এবং যাঁরা খুদে বার্তা পেয়েছেন, তাঁদের এই কেন্দ্রে টিকাদান অব্যাহত থাকবে।

সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা কামরুজ্জামান তাজ বলেন, এসব কেন্দ্রে প্রস্তুতিমূলকভাবে এক দিনের জন্য টিকা দেওয়া হচ্ছে। টিকা পাওয়ার ওপর নির্ভর করে পরবর্তী সময়ে পর্যায়ক্রমে এসব কেন্দ্রে টিকা দেওয়া হবে। এতে টিকা দিতে মানুষ উৎসাহ পাবেন। খুব একটা কষ্ট হবে না। নিবন্ধন করারও বাড়তি ঝামেলা থাকবে না। ফলে দেশে টিকা দেওয়া দ্রুত সম্পন্ন হবে।