রংপুর বিভাগে আরও ১০৭ জনের করোনা শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর বিভাগে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও সাতজন মারা গেছেন। একই সঙ্গে ৮৯১ জনের নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছে ১০৭ জন। শনাক্তের হার ১২ দশমিক শূন্য ১। এ নিয়ে বিভাগে করোনা শনাক্ত রোগীর মোট সংখ্যা ৫২ হাজার ২১৭। আজ বুধবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

গতকাল মঙ্গলবার সকাল আটটা থেকে আজ বুধবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় মারা যাওয়া সাত ব্যক্তির মধ্যে ঠাকুরগাঁও জেলায় তিনজন, রংপুর ও লালমনিরহাটে দুজন করে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, নতুন সাতজন নিয়ে বিভাগে করোনায় সংক্রমিত হয়ে মারা যাওয়া ব্যক্তির সংখ্যা ১ হাজার ১৭২। এর মধ্যে দিনাজপুর জেলার সর্বোচ্চ ৩১৬ জন। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু রংপুরের ২৭৪ জন, ঠাকুরগাঁওয়ের ২৩৫, পঞ্চগড়ের ৭৪, নীলফামারীর ৮৫, লালমনিরহাটের ৬২, কুড়িগ্রামের ৬৫ ও গাইবান্ধার ৬১ জন।

স্বাস্থ্য বিভাগ সূত্র আরও জানায়, ২৪ ঘণ্টায় ৮৯১ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ১০৭ জন। এর মধ্যে রংপুর জেলায় ২২ জন, দিনাজপুরের ২৫, কুড়িগ্রামের ৮, নীলফামারীর ১০, ঠাকুরগাঁওয়ের ২৫, গাইবান্ধার ৭, পঞ্চগড়ের ৫ ও লালমনিরহাটের ৫ জন। এ নিয়ে বিভাগে করোনা শনাক্ত রোগীর মোট সংখ্যা ৫২ হাজার ২১৭।