রংপুর বিভাগে আরও ১১২ জনের করোনা শনাক্ত
রংপুর বিভাগে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ২ জন মারা গেছেন। একই সঙ্গে ৯২৭ জনের নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছেন ১১২ জন। এ নিয়ে বিভাগে করোনায় শনাক্ত রোগীর মোট সংখ্যা ৫৩ হাজার ২১৬।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৫১ জন। এ সময়ে নমুনা পরীক্ষার তুলনায় শনাক্ত ১২ দশমিক ৮ শতাংশ। আজ বুধবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
গতকাল মঙ্গলবার সকাল আটটা থেকে আজ বুধবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২ ব্যক্তিই রংপুর জেলার।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, নতুন ২ জন নিয়ে বিভাগে করোনা সংক্রমিত হয়ে মারা যাওয়া ব্যক্তির মোট সংখ্যা ১ হাজার ১৯৫। এর মধ্যে দিনাজপুর জেলার সর্বোচ্চ ৩১৯ জন। এ ছাড়া রংপুরের ২৮৫ জন, ঠাকুরগাঁওয়ের ২৪১ জন, পঞ্চগড়ের ৭৫ জন, নীলফামারীর ৮৫ জন, লালমনিরহাটের ৬৩ জন, কুড়িগ্রামের ৬৬ জন ও গাইবান্ধার ৬১ জন।
স্বাস্থ্য বিভাগ সূত্র আরও জানায়, ২৪ ঘণ্টায় ৯২৭ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ১১২ জনের। এর মধ্যে রংপুর জেলায় ২৭ জন, দিনাজপুরের ১৫ জন, কুড়িগ্রামের ১১ জন, নীলফামারীর ৯ জন, ঠাকুরগাঁওয়ের ২৫ জন, গাইবান্ধার ৬ জন, পঞ্চগড়ের ১১ জন ও লালমনিরহাটের ৮ জন। এ নিয়ে বিভাগে করোনা শনাক্ত করোনা রোগীর মোট সংখ্যা মোট ৫৩ হাজার ২১৬।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মোতাহারুল ইসলাম বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।