রংপুর বিভাগে এক দিন পর আবারও মৃত্যুহীন ২৪ ঘণ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনা রোগী শনাক্ত
প্রতীকী ছবি

এক দিন পর করোনায় আবারও মৃত্যুহীন ২৪ ঘণ্টা পার করল রংপুর বিভাগ। এর আগের দিন করোনায় দুজন মারা যান। গত ২৪ ঘণ্টায় ৬২৮ জনের নমুনা পরীক্ষা করে নতুন ৪৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে । নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৬ দশমিক ৮৫।

আজ বৃহস্পতিবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে। গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত নতুন শনাক্ত রোগীদের মধ্যে রংপুরের ৪, পঞ্চগড়ের ৩, নীলফামারীর ১, লালমনিরহাটের ১, কুড়িগ্রামের ১, ঠাকুরগাঁওয়ের ২৪, দিনাজপুরে ৮ ও গাইবান্ধার ১ জন রয়েছেন। এদিকে গত ২৪ ঘণ্টায় বিভাগে ৪২ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে বিভাগে করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৫৫ হাজার ৭৬।

স্বাস্থ্য বিভাগ সূত্র আরও জানায়, এখন পর্যন্ত বিভাগে করোনায় ১ হাজার ২৩৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দিনাজপুর জেলায় সর্বোচ্চ ৩২৫ জন মারা যান। এ ছাড়া রংপুরে ২৯৩, ঠাকুরগাঁওয়ে ২৫১, পঞ্চগড়ে ৮০, নীলফামারীতে ৮৮, লালমনিরহাটে ৬৮, কুড়িগ্রামে ৬৮ ও গাইবান্ধায় ৬৩ জনের মৃত্যু হয়েছে।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মোতাহারুল ইসলাম বলেন, দিন দিন করোনা শনাক্তের হার কমে আসলেও করোনা প্রতিরোধে জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বাইরে বের হলে মাস্ক ব্যবহার করা জরুরি।