রংপুর বিভাগে এক দিনে ৩৮১ জনের করোনা শনাক্ত
রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ৩৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে মোট করোনা শনাক্ত হয়েছে ২১ হাজার ৫১৮ জনের। তবে গেল এক দিনে বিভাগে নতুন কোনো রোগীর মৃত্যু হয়নি। রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত বিভাগে ১ হাজার ১৩৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হওয়া ৩৮১ জনের মধ্যে দিনাজপুর জেলার ৯৩, ঠাকুরগাঁয়ের ১০৯, নীলফামারীর ১৩, পঞ্চগড়ের ৭, কুড়িগ্রামের ৩৭, লালমনিরহাটের ৪১, গাইবান্ধার ১৭ ও রংপুরের ৬৪ জন।
রংপুর বিভাগে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৪৪ জন। এ ছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৪ জন। করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত বিভাগে মারা যাওয়া ৪৪৪ জনের মধ্যে দিনাজপুর জেলার ১৬১, রংপুরের ১০৩, ঠাকুরগাঁয়ের ৫৪, পঞ্চগড়ের ২০, নীলফামারীর ৩৮, লালমনিরহাটের ১৯, কুড়িগ্রামের ২৬ ও গাইবান্ধার ২৩ জন।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক আবু মো. জাকিরুল ইসলাম বলেন, বিভাগের সীমান্তবর্তী জেলাগুলোয় করোনা শনাক্তের হার বাড়ছে। এ জন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি।