রংপুর বিভাগে এক বছরের মধ্যে সর্বনিম্ন শনাক্ত, মৃত্যু ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

রংপুর বিভাগে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ৩ জন মারা গেছেন। একই সঙ্গে ২২০ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ১৮ জনের। এটি গত এক বছরের মধ্যে বিভাগে সর্বনিম্ন করোনা শনাক্ত। শনাক্তের হার ৮ দশমিক ১৮। বিভাগে করোনা রোগীর মোট সংখ্যা ৫৪ হাজার ৮৪।

আজ শনিবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে মৃত ব্যক্তিদের মধ্যে দিনাজপুর জেলার ২ জন ও ঠাকুরগাঁওয়ের ১ জন আছেন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, নতুন ৩ জন নিয়ে বিভাগে করোনায় মৃত ব্যক্তির সংখ্যা ১ হাজার ২১৭। এর মধ্যে দিনাজপুর জেলার সর্বোচ্চ ৩২২ জন। এ ছাড়া রংপুরের ২৯০ জন, ঠাকুরগাঁওয়ের ২৪৬ জন, পঞ্চগড়ের ৭৯ জন, নীলফামারীর ৮৭ জন, লালমনিরহাটের ৬৪ জন, কুড়িগ্রামের ৬৬ জন ও গাইবান্ধার ৬৩ জন।

স্বাস্থ্য বিভাগ সূত্র আরও জানায়, গত ২৪ ঘণ্টায় ২২০ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ১৮ জনের।

এ বিষয়ে রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মোতাহারুল ইসলাম বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।