রংপুর বিভাগে করোনা সংক্রমণের হার ৪৫ শতাংশ
রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় ৮০০ জনের নমুনা পরীক্ষায় ৩৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা সংক্রমণের হার ৪৪ দশমিক ৮৭ শতাংশ। এই সময়ের মধ্যে বিভাগে করোনায় কেউ মারা যাননি। আজ বুধবার রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
গতকাল মঙ্গলবার বিভাগের আট জেলায় ৭৯৬ জনের নমুনা পরীক্ষায় ২৮৫ জনের করোনা শনাক্ত হয়। সংক্রমণের হার ছিল ৩৬ শতাংশ। গত সোমবার ৫৮৩ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছিল ২৫৪ জনের। করোনা সংক্রমণের হার ছিল ৪৪ শতাংশ।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ব্যক্তিদের মধ্যে রংপুরের ৯০ জন, পঞ্চগড়ের ১৬, নীলফামারীর ৫৯, লালমনিরহাটের ২১, কুড়িগ্রামের ১১, ঠাকুরগাঁওয়ে ৪৮, দিনাজপুরে ৮৮ ও গাইবান্ধার ২৬ জন আছেন। গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৯ জন। বর্তমানে বিভাগের মধ্যে রংপুর জেলায় সংক্রমণের হার ৪৫ দশমিক ৪৫ শতাংশ, পঞ্চগড়ে ৩০ দশমিক ১৮, নীলফামারীতে ৪৩ দশমিক ৩৮, লালমনিরহাটে ৩৮ দশমিক ৮৮, কুড়িগ্রামে ৪০ দশমিক ৭৪, ঠাকুরগাঁওয়ে ৪৬ দশমিক ১৫, দিনাজপুরে ৫১ দশমিক ৪৬ ও গাইবান্ধায় ৪৫ দশমিক ৬১ শতাংশ।
স্বাস্থ্য বিভাগ জানায়, মহামারি শুরুর পর থেকে রংপুর বিভাগে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ২৫৩ জনের। এর মধ্যে দিনাজপুর জেলায় সর্বোচ্চ ৩৩৩ জন মারা যান। এ ছাড়া রংপুরে ২৯৩ জন, ঠাকুরগাঁওয়ে ২৫৬, পঞ্চগড়ে ৮১, নীলফামারীতে ৮৯, লালমনিরহাটে ৬৯, কুড়িগ্রামে ৬৯ ও গাইবান্ধায় ৬৩ জনের মৃত্যু হয়েছে। বিভাগে এ পর্যন্ত করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৫৭ হাজার ৫৩৫।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক আবু মো. জাকিরুল ইসলাম বলেন, মুখে মাস্ক পরে চলাচল করার জন্য জেলা শহরসহ সর্বত্র মাইকিং করে প্রচার চালানো হচ্ছে। এরপরও প্রতিদিন করোনার নমুনা পরীক্ষাও বাড়ছে, বাড়ছে শনাক্তের সংখ্যাও।