রংপুর বিভাগে করোনার সংক্রমণ বেড়ে ৪৪ শতাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনার সংক্রমণ বেড়ে হয়েছে ৪৪ শতাংশ। এর আগের ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ছিল প্রায় ৩৭। আজ রোববার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত বিভাগে ৫৮৩ জনের নমুনায় ২৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা সংক্রমণের হার ৪৩ দশমিক ৫৭। নতুন সংক্রমিত ব্যক্তিদের মধ্যে রংপুর জেলায় ৮০ জন, পঞ্চগড়ে ১৯, নীলফামারীতে ১৭, লালমনিরহাটে ১১, কুড়িগ্রামে ৫, ঠাকুরগাঁওয়ে ৩৬, দিনাজপুরে ৭৫ ও গাইবান্ধায় ১১ জন আছেন। একই সময়ে বিভাগে সুস্থ হয়েছেন ৮৭ জন।

গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় কারও মৃত্যু না হলেও বিভাগের আট জেলার এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১ হাজার ২৫৩ জন। এর মধ্যে দিনাজপুর জেলায় সর্বোচ্চ ৩৩৩ জন মারা যান। এ ছাড়া রংপুরে ২৯৩, ঠাকুরগাঁওয়ে ২৫৬, পঞ্চগড়ে ৮১, নীলফামারীতে ৮৯, লালমনিরহাটে ৬৯, কুড়িগ্রামে ৬৯ ও গাইবান্ধায় করোনার সংক্রমণে ৬৩ জনের মৃত্যু হয়েছে।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক আবু মো. জাকিরুল ইসলাম বলেন, প্রতিদিনই করোনা শনাক্ত বাড়ছে। বাড়ছে করোনার নমুনা পরীক্ষাও। এ কারণে জনগণকে সচেতন হতে হবে। ঘরের বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে।