রংপুর বিভাগে করোনায় আরও একজনের মৃত্যু, বেড়েছে শনাক্তের হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর বিভাগে গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৮১৪ জনের নমুনা পরীক্ষা করা হয়, শনাক্তের হার ৩৩। এ সময় করোনায় পঞ্চগড়ে একজনের মৃত্যু হয়েছে। আজ রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

এদিকে গতকাল সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় এ বিভাগের ৮ জেলায় ৯৩৬ জনের নমুনা পরীক্ষায় ২৯৭ জনের করোনা শনাক্ত হয়েছিল, শনাক্তের হার ছিল ৩১ দশমিক ৭৩। ওই সময়ে কোনো মৃত্যু ছিল না। এর আগের দিন গত রোববার ৮৭০ জনের নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছিল ৩২১ জন, শনাক্তের হার ছিল ৩৬ দশমিক ৯০। ওই দিন তিনজনের মৃত্যু হয়।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে রংপুরে সর্বোচ্চ ৮৭ জন, পঞ্চগড়ে ২০, নীলফামারীতে ২৮, লালমনিরহাটে ১৭, কুড়িগ্রামে ১৭, ঠাকুরগাঁওয়ে ১৮, দিনাজপুরে ৬৩ ও গাইবান্ধার ১৯ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৬১ জন।

স্বাস্থ্য বিভাগ সূত্র জানিয়েছে, রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় পঞ্চগড়ে একজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ১ হাজার ২৬১ জনের। এর মধ্যে দিনাজপুর জেলায় সর্বোচ্চ ৩৩৬ জন মারা যান। এ ছাড়া রংপুরে ২৯৫ জন, ঠাকুরগাঁওয়ে ২৫৬, পঞ্চগড়ে ৮২, নীলফামারীতে ৯০, লালমনিরহাটে ৭০, কুড়িগ্রামে ৬৯ ও গাইবান্ধায় ৬৩ জনের মৃত্যু হয়েছে। বিভাগে এখন পর্যন্ত করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৬২ হাজার ৫৬।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক আবু মো. জাকিরুল ইসলাম বলেন, করোনা প্রতিরোধে ঘরের বাইরে বের হলে মাস্ক পরার বিকল্প নেই।