রংপুর বিভাগে করোনায় আরও ছয়জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনায় মৃত্যু।
ফাইল ছবি।

রংপুর বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জন মারা গেছেন। একই সময়ে ১ হাজার ৪২৩ জনের নমুনা পরীক্ষা করে ৩৪২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৪ দশমিক শূন্য ৩। আজ বুধবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৮২ জন। গত মঙ্গলবার সকাল আটটা থেকে আজ বুধবার সকাল আটটা পর্যন্ত মারা যাওয়া ছয় ব্যক্তির মধ্যে রংপুর জেলার চারজন ও ঠাকুরগাঁওয়ের দুজন আছেন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ২৪ ঘণ্টায় রংপুর জেলায় ৮৫ জন, দিনাজপুরের ৫৫ জন, কুড়িগ্রামের ৫৪ জন, নীলফামারীর ২৯ জন, ঠাকুরগাঁওয়ের ৪৮ জন, গাইবান্ধার ২৮ জন, পঞ্চগড়ের ৩১ জন ও লালমনিরহাটের ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা মোট ৪৯ হাজার ৩৯৯।

স্বাস্থ্য বিভাগ সূত্রে আরও জানা গেছে, নতুন ৬ জন নিয়ে বিভাগে করোনায় সংক্রমিত হয়ে মারা যাওয়া ব্যক্তির সংখ্যা ১ হাজার ৬৩ জন। এর মধ্যে দিনাজপুর জেলার সর্বোচ্চ ২৯৮ জন আছেন। বাকিদের মধ্যে রংপুরের ২৪৬ জন, ঠাকুরগাঁওয়ের ২০৪ জন, পঞ্চগড়ের ৬৬ জন, নীলফামারীর ৭৬ জন, লালমনিরহাটের ৫৭ জন, কুড়িগ্রামের ৫৯ জন ও গাইবান্ধার ৫৭ জন ব্যক্তি আছেন।

এ বিষয়ে রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মোতাহারুল ইসলাম বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।