রংপুর বিভাগে করোনায় আরও ১০ জনের মৃত্যু, শনাক্ত ৬১৮
রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১০ জন মারা গেছেন। এ সময়ে ৬১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ মঙ্গলবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে দিনাজপুর জেলার তিনজন, রংপুরের তিনজন, ঠাকুরগাঁওয়ের দুজন, পঞ্চগড় ও নীলফামারীর একজন করে রয়েছেন।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৮১ জনের নমুনা পরীক্ষা করে ৬১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে দিনাজপুর জেলার ২০৯ জন, ঠাকুরগাঁওয়ের ১০৫ জন, নীলফামারীর ৪০ জন, পঞ্চগড়ের ২৮ জন, কুড়িগ্রামের ২৯ জন, লালমনিরহাটের ৩২ জন, গাইবান্ধার ২৮ জন ও রংপুরের ১২১ জন। এ নিয়ে বিভাগে করোনা শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়াল মোট ২৯ হাজার ৫৪২। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩৬ দশমিক ৭৬ শতাংশ।
স্বাস্থ্য বিভাগ সূত্রে আরও জানা গেছে, নতুন ১০ জন নিয়ে বিভাগে করোনা সংক্রমিত হয়ে মারা যাওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৫৯২। এর মধ্যে দিনাজপুর জেলার ২০৯ জন, রংপুরে ১২১ জন, ঠাকুরগাঁওয়ে ১০৫ জন, পঞ্চগড়ে ২৮ জন, নীলফামারীতে ৪০ জন, লালমনিরহাটে ৩২ জন, কুড়িগ্রামে ২৯ জন ও গাইবান্ধায় ২৮ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩০৯ জন।
এ বিষয়ে রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক আবু মো. জাকিরুল ইসলাম বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।