রংপুর বিভাগে করোনায় আরও ১১ জনের মৃত্যু, শনাক্ত ৭৪৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি

রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১১ জন মারা গেছেন। এ সময়ে ২ হাজার ৬১৩ জনের নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছেন ৭৪৮ জন। শনাক্তের হার ২৮ দশমিক ৬৩ শতাংশ। আজ বৃহস্পতিবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১১ জন মারা যাওয়া ব্যক্তির মধ্যে রংপুর ও দিনাজপুর জেলায় সর্বোচ্চ ৩ জন করে, কুড়িগ্রামের ২ জন, লালমনিরহাট, ঠাকুরগাঁও ও গাইবান্ধায় ১ জন করে রয়েছেন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ২৪ ঘণ্টায় ২ হাজার ৬১৩ জনের নমুনা পরীক্ষা করে ৭৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে দিনাজপুর জেলায় সর্বোচ্চ ১৮০ জন, রংপুরের ১৭৬ জন, কুড়িগ্রামের ৮১ জন, নীলফামারীর ৫৯ জন, ঠাকুরগাঁওয়ের ৮০ জন, গাইবান্ধার ৭০ জন, পঞ্চগড়ের ৭৭ জন ও লালমনিরহাটের ২৫ জন। এ নিয়ে বিভাগে করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল মোট ৪২ হাজার ৯৮৬।

স্বাস্থ্য বিভাগ সূত্রে আরও জানা গেছে, নতুন ১১ জন নিয়ে বিভাগে করোনা সংক্রমিত হয়ে মারা যাওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৮৯৩। এর মধ্যে দিনাজপুর জেলার সর্বোচ্চ ২৬৫ জন, রংপুরের ১৯২ জন, ঠাকুরগাঁওয়ের ১৭১ জন, পঞ্চগড়ের ৫৪ জন, নীলফামারীর ৬৪ জন, লালমনিরহাটের ৫৪ জন, কুড়িগ্রামের ৫১ জন ও গাইবান্ধার ৪২ জন।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মোতাহরুল ইসলাম বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।