রংপুর বিভাগে করোনায় আরও ১৪ জনের মৃত্যু, শনাক্ত ৫০২
রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৪ জন মারা গেছেন। এ সময়ে ১ হাজার ৭৩৪ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৫০২ জনের। শনাক্তের হার ২৮ দশমিক ৯৫ শতাংশ। আজ মঙ্গলবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৪ জন মারা গেছেন। তাঁদের মধ্যে রংপুর ও দিনাজপুর জেলায় সর্বোচ্চ ৪ জন করে, গাইবান্ধায় ৩ জন, পঞ্চগড়, নীলফামারী ও ঠাকুরগাঁওয়ে ১ জন করে আছেন।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৩৪ জনের নমুনা পরীক্ষা করে ৫০২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে দিনাজপুর জেলায় সর্বোচ্চ ১১৫ জন, রংপুরের ৮৭ জন, কুড়িগ্রামের ৫৯ জন, নীলফামারীর ৬৩ জন, ঠাকুরগাঁওয়ের ৩৭ জন, গাইবান্ধার ৫৬ জন, পঞ্চগড়ের ৬২ জন ও লালমনিরহাটের ২৩ জন। এ নিয়ে বিভাগে করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল মোট ৪৫ হাজার ৯২৯।
স্বাস্থ্য বিভাগ সূত্রে আরও জানা গেছে, নতুন ১৪ জন নিয়ে বিভাগে করোনা সংক্রমিত হয়ে মারা যাওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৯৬৪। এর মধ্যে দিনাজপুর জেলার সর্বোচ্চ ২৭৬ জন, রংপুরের ২১২ জন, ঠাকুরগাঁওয়ের ১৮৬ জন, পঞ্চগড়ের ৬১ জন, নীলফামারীর ৬৯ জন, লালমনিরহাটের ৫৬ জন, কুড়িগ্রামের ৫৪ জন ও গাইবান্ধার ৫০ জন।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মোতাহারুল ইসলাম বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।