রংপুর বিভাগে করোনায় আরও ১৬ জনের মৃত্যু, শনাক্ত ৫৯২
রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৬ জন মারা গেছেন। একই সঙ্গে ২ হাজার ২১৩ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৫৯২ জনের। শনাক্তের হার ২৬ দশমিক ৭৫ শতাংশ। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৭৪ জন। আজ সোমবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
গতকাল রোববার সকাল থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে সর্বোচ্চ ৬ জন রংপুর জেলার। ৪ জন ঠাকুরগাঁওয়ের, পঞ্চগড়ের ৩, দিনাজপুরে ২ ও ১ জন কুড়িগ্রামের বাসিন্দা।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, শনাক্ত ৫৯২ জনের মধ্যে সর্বোচ্চ ১৩২ জন রংপুর জেলার। এ ছাড়া দিনাজপুরের ৮৫, ঠাকুরগাঁওয়ের ৯৩, নীলফামারীর ৬৩, পঞ্চগড়ের ৭০, কুড়িগ্রামের ৮৭, লালমনিরহাটের ২২ ও গাইবান্ধার ৪০ জন। এ নিয়ে বিভাগে করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৩৭ হাজার ৫২১।
আর নতুন ১৬ জনসহ বিভাগে মোট মৃতের সংখ্যা ৭৫৫। এখন পর্যন্ত সর্বোচ্চ ২৪১ জন মারা গেছেন দিনাজপুর জেলায়। রংপুরে ১৫৮, ঠাকুরগাঁওয়ে ১৪১, পঞ্চগড়ে ৪১, নীলফামারীতে ৫২, লালমনিরহাটে ৪৬, কুড়িগ্রামে ৩৯ ও গাইবান্ধায় ৩৭ জন।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক আবু মো. জাকিরুল ইসলাম বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।