রংপুর বিভাগে করোনায় আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ৭৪৫
রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও পাঁচজন মারা গেছেন। এই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৭৪৫ জনের। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৯ দশমিক ৫৭ শতাংশ। আজ শুক্রবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনায় পাঁচজন মারা গেছেন। তাঁদের মধ্যে রংপুর জেলায় দুজন, পঞ্চগড়, নীলফামারী ও দিনাজপুরে একজন করে রয়েছেন।
এই বিভাগে ২৪ ঘণ্টায় ৩ হাজার ৮০৭ জনের নমুনা পরীক্ষা করে ৭৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে দিনাজপুর জেলার ২৬৪ জন, ঠাকুরগাঁওয়ের ৮৬ জন, নীলফামারীর ৮০ জন, পঞ্চগড়ের ৬৩ জন, কুড়িগ্রামের ৬৫ জন, লালমনিরহাটের ২০ জন, গাইবান্ধার ৫১ জন ও রংপুরের ১১৬ জন। এ নিয়ে বিভাগে করোনা রোগীর সংখ্যা দাঁড়াল মোট ৩৫ হাজার ৭৭৮।
স্বাস্থ্য বিভাগ সূত্রে আরও জানা গেছে, নতুন ৫ জন নিয়ে বিভাগে করোনা সংক্রমিত হয়ে মারা যাওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৭১৬। এর মধ্যে দিনাজপুর জেলার ২৩৭ জন, রংপুরের ১৪৪ জন, ঠাকুরগাঁওয়ের ১৩৪ জন, পঞ্চগড়ের ৩৫ জন, নীলফামারীর ৫১ জন, লালমনিরহাটের ৪৩ জন, কুড়িগ্রামের ৩৮ জন ও গাইবান্ধার ৩৪ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৯৬ জন।
এ বিষয়ে রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক আবু মো. জাকিরুল ইসলাম বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।