রংপুর বিভাগে করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ১৪৮ জনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। তিনি ঠাকুরগাঁওয়ের বাসিন্দা। একই সময়ে বিভাগে ৬৬৯ জনের নমুনা পরীক্ষায় ১৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্ত ২২ দশমিক ১২ শতাংশ।

আজ বুধবার দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এর আগের দিন বিভাগের ৮ জেলায় ৬৩৬ জনের নমুনা পরীক্ষায় ১৪৩ জনের করোনা শনাক্ত হয়েছিল। শনাক্তের হার ছিল ২২ দশমিক ৪৮। গতকাল বিভাগের দুজন করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে দিনাজপুরে ৩৭ জন আছেন। এ ছাড়া রংপুরে ৩২, পঞ্চগড়ে ১০, নীলফামারীতে ৩৬, লালমনিরহাটে ১০, কুড়িগ্রামে ৯, ঠাকুরগাঁওয়ে ৪ ও গাইবান্ধায় ১০ জন আছেন। গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৫০ জন।

রংপুর বিভাগে এখন পর্যন্ত করোনায় ১ হাজার ২৭২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দিনাজপুর জেলায় সর্বোচ্চ ৩৩৯ জন মারা গেছেন। এ ছাড়া রংপুরে ২৯৫, ঠাকুরগাঁওয়ে ২৫৮, পঞ্চগড়ে ৮৩, নীলফামারীতে ৯২, লালমনিরহাটে ৭১, কুড়িগ্রামে ৬৯ ও গাইবান্ধায় ৬৫ জনের মৃত্যু হয়েছে।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক আবু মো. জাকিরুল ইসলাম বলেন, করোনা সংক্রমণের হার ওঠানামা করছে। একই সঙ্গে সুস্থতার সংখ্যাও বাড়ছে। তবে সংক্রমণ পরিস্থিতি মোকাবিলায় সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে এবং ঘরের বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে।