রংপুর বিভাগে করোনায় একজনের মৃত্যু, শনাক্তের হার ৩৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি: রয়টার্স

রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে একজনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে করোনা শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩৭ শতাংশে। এর আগের ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ছিল ২৩। আজ রোববার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গতকাল শনিবার সকাল আটটা থেকে আজ রোববার সকাল আটটা পর্যন্ত বিভাগে ৪৫১ জনের নমুনা পরীক্ষায় ১৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৬ দশমিক ৫৯। একই সময়ে করোনা সংক্রমণে একজনের মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি দিনাজপুরে। নতুন সংক্রমিত ব্যক্তিদের মধ্যে রংপুরের ২২, পঞ্চগড়ের ১৯, নীলফামারীর ১৯, লালমনিরহাটের ৬, কুড়িগ্রামের ৮, ঠাকুরগাঁওয়ের ৩৭, দিনাজপুরের ৩৪ ও গাইবান্ধার ২০ জন আছেন। এ নিয়ে বিভাগে এখন পর্যন্ত করোনা শনাক্ত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৫৬ হাজার ৬৩৭।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক আবু মো. জাকিরুল ইসলাম বলেন, জেলা করোনা প্রতিরোধ কমিটি ও জেলা প্রশাসনের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে চলতে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘণ্টায় দিনাজপুরে একজনের মৃত্যু নিয়ে এ পর্যন্ত রংপুর বিভাগের আট জেলার করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ২৫৩ জনের। এর মধ্যে দিনাজপুর জেলায় সর্বোচ্চ ৩৩৩ জন মারা যান। এ ছাড়া রংপুরে ২৯৩, ঠাকুরগাঁওয়ে ২৫৬, পঞ্চগড়ে ৮১, নীলফামারীতে ৮৯, লালমনিরহাটে ৬৯, কুড়িগ্রামে ৬৯ ও গাইবান্ধায় করোনা সংক্রমণে ৬৩ জনের মৃত্যু হয়েছে।

রংপুর জেলা প্রশাসক আসিব আহসান বলেন, জনগণকে সচেতন করা হচ্ছে। বিশেষ করে জনবহুল এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জনগণকে সতর্ক করে দেওয়া হচ্ছে। যাঁরা মাস্ক পরছেন না, তাঁদের বিনা মূল্যে মাস্ক দেওয়া হচ্ছে।