রংপুর বিভাগে করোনায় দুজনের মৃত্যু, শনাক্তের হার ৪২ শতাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৪৩ জনের নমুনা পরীক্ষায় ৪৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার প্রায় ৪২ শতাংশ। একই সময়ে বিভাগে করোনায় দুইজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনের মধ্যে লালমনিরহাট ও দিনাজপুরের একজন করে রয়েছেন। এর আগের দিন বিভাগের আট জেলায় ৮৪৬ জনের নমুনা পরীক্ষায় ৪৫১ জনের করোনা শনাক্ত হয়েছিল। তবে ওই দিন বিভাগে করোনায় কারও মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তর প্রতিবেদন সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে রংপুরে সর্বোচ্চ ১৬০ জন আছেন। এ ছাড়া পঞ্চগড়ে ৩৮ জন, নীলফামারীতে ৬৫ জন, ঠাকুরগাঁওয়ে ৭৭ জন, দিনাজপুরে ৭৫ জন, গাইবান্ধায় ২৩ জন এবং লালমনিরহাট ও কুড়িগ্রামে ২০ জন করে রোগী শনাক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন ৭২ জন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুইজনসহ বিভাগে এখন পর্যন্ত করোনায় ১ হাজার ২৫৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দিনাজপুর জেলায় সর্বোচ্চ ৩৩৪ জন মারা গেছেন। এ ছাড়া রংপুরে ২৯৫ জন, ঠাকুরগাঁওয়ে ২৫৬ জন, পঞ্চগড়ে ৮১ জন, নীলফামারীতে ৮৯ জন, লালমনিরহাটে ৭০ জন, কুড়িগ্রামে ৬৯ জন ও গাইবান্ধায় ৬৩ জনের মৃত্যু হয়েছে।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক আবু মো. জাকিরুল ইসলাম বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধ করতে হলে সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে এবং মাস্ক ব্যবহার করতে হবে। স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে মানুষকে সচেতন করতে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে প্রচারণা চালানো হচ্ছে।