রংপুর বিভাগে করোনায় মৃত্যুহীন ২৪ ঘণ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

রংপুর বিভাগে করোনায় গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যু নেই। একই সময় বিভাগে নতুন করে ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে করোনা রোগীর সংখ্যা ৫৪ হাজার ৯১১। আজ বুধবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত বিভাগে ৬০৮ জনের নমুনা পরীক্ষা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ৩০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত রোগীদের মধ্যে রংপুরে ১, নীলফামারীতে ১, ঠাকুরগাঁওয়ে ৪, দিনাজপুরে ৭ ও গাইবান্ধায় ১ জন আছেন। এদিকে গত এক দিনে বিভাগে ৫০ জন সুস্থ হয়েছেন।

স্বাস্থ্য বিভাগ সূত্র আরও জানায়, এখন পর্যন্ত বিভাগে করোনায় ১ হাজার ২৩২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দিনাজপুর জেলায় সর্বোচ্চ ৩২৫ জন মারা যান। এ ছাড়া রংপুরে ২৯১, ঠাকুরগাঁওয়ে ২৫০, পঞ্চগড়ে ৮০, নীলফামারীতে ৮৮, লালমনিরহাটে ৬৭, কুড়িগ্রামে ৬৮ ও গাইবান্ধায় ৬৩ জনের মৃত্যু হয়েছে।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মোতাহারুল ইসলাম বলেন, করোনা শনাক্তের সংখ্যা দিন দিন কমে আসছে। এটি একটি ভালো খবর। কিন্তু এরপরও করোনা প্রতিরোধে জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বাইরে বের হলে মাস্ক ব্যবহার করা জরুরি।