রংপুর বিভাগে করোনায় ১ জনের মৃত্যু, শনাক্ত কমে ১৭ শতাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

রংপুরে করোনার নমুনা পরীক্ষার তুলনায় শনাক্ত কমে আসছে। বিভাগে গত ২৪ ঘণ্টায় ৬৭৫ জনের নমুনা পরীক্ষায় ১১৩ জনের করোনা শনাক্ত হয়েছে, শনাক্তের হার ১৭। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১ জনের।

আজ সোমবার রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া যায়। গতকাল রোববার সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত এ তথ্য পাওয়া গেছে।

এদিকে গতকাল বিভাগের ৮ জেলায় ৭৩৭ জনের নমুনা পরীক্ষায় ১৫৯ জনের কোভিড-১৯ শনাক্ত হয়, শনাক্তের হার ছিল ২১ দশমিক ৫৭। এদিন দুজনের মৃত্যু ছিল। এর আগের দিন গত শনিবার ৩৭২ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৮০ জন, শনাক্তের হার ছিল ২১ দশমিক ৫১। এদিন একজনের মৃত্যু ছিল।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে রংপুরে ৩১ জন, পঞ্চগড়ে ৯, নীলফামারীতে ৩১, লালমনিরহাটে ৮, কুড়িগ্রামে ৫, ঠাকুরগাঁওয়ে ৮, দিনাজপুরে ১৩ ও গাইবান্ধার ৮ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন ৫৬২ জন।

স্বাস্থ্য বিভাগ সূত্র জানিয়েছে, মহামারি শুরুর পর থেকে রংপুর বিভাগে গত এক দিনে নীলফামারী জেলায় ১ জনের মৃত্যুসহ এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ২৬৯ জনের। এর মধ্যে দিনাজপুর জেলায় সর্বোচ্চ ৩৩৮ জন মারা গেছেন। এ ছাড়া রংপুরে ২৯৫ জন, ঠাকুরগাঁওয়ে ২৫৬, পঞ্চগড়ে ৮৩, নীলফামারীতে ৯২, লালমনিরহাটে ৭১, কুড়িগ্রামে ৬৯ ও গাইবান্ধায় ৬৫ জনের মৃত্যু হয়েছে। বিভাগে এখন পর্যন্ত করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৬৩ হাজার ৬৫।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক আবু মো. জাকিরুল ইসলাম বলেন, করোনার সংক্রমণ দিন দিন কমে আসছে, সেই সঙ্গে সুস্থতার সংখ্যাও বাড়ছে। এটা ভালো দিক বলা চলে। ঘরের বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরে বের হতে হবে।