রংপুর বিভাগে করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৮ জনের, শনাক্ত ৪৪৭
রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় ৮ জনের মৃত্যু হয়েছে। করোনা শনাক্ত হয়েছে ৪৪৭ জনের। মৃত ব্যক্তিদের মধ্যে ঠাকুরগাঁওয়ের চারজন, দিনাজপুরের দুজন, লালমনিরহাট ও রংপুরের একজন করে আছেন।
এদিকে একই সময়ে ১ হাজার ২০৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে করোনা শনাক্ত হয়েছে ৪৪৭ জনের। এ নিয়ে বিভাগে মোট করোনা শনাক্ত হয়েছে ২৪ হাজার ৫২০ জনের। শনাক্তের হার ৩৭ দশমিক শূন্য ৩। অন্যদিকে এ বিভাগে করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন ৪৯৫ জন। এ ছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯৬ জন।
আজ রোববার রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক আবু মো. জাকিরুল ইসলামের পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় বিভাগে নমুনা পরীক্ষা হয়েছে ১ হাজার ২০৭ জনের। শনাক্ত হওয়া ৪৪৭ জনের মধ্যে দিনাজপুর জেলার ৬৩, ঠাকুরগাঁয়ের ১২০, নীলফামারীর ১৮, পঞ্চগড়ের ১৮, কুড়িগ্রামের ৮৫, লালমনিরহাটের ২৩, গাইবান্ধার ৪২ ও রংপুরের ৭৮ জন।
বিভাগে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা যাওয়া ৪৯৫ জনের মধ্যে দিনাজপুরের ১৭৮, রংপুরের ১১০, ঠাকুরগাঁয়ের ৭৪, পঞ্চগড়ের ২২, নীলফামারীর ৩৮, লালমনিরহাটের ২৩, কুড়িগ্রামের ২৭ ও গাইবান্ধার ২৩ জন।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক আবু মো. জাকিরুল ইসলাম এ খবরের সত্যতা নিশ্চিত করে করোনার সংক্রমণ প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন।