রংপুর বিভাগে করোনায় ২৪ ঘণ্টায় শনাক্ত ২৬৯, মৃত্যু ৩
রংপুর বিভাগে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ৩ জন মারা গেছেন। এ সময় ১ হাজার ৫২৭ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ২৬৯ জনের। এ নিয়ে বিভাগে করোনা রোগীর সংখ্যা ৫২ হাজার ৪৮৬। একই সঙ্গে সুস্থ হয়েছেন ৭৫৭ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৭ দশমিক ৬২। আজ বৃহস্পতিবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় এই ৩ জন মারা যান। মৃত ব্যক্তিদের মধ্যে রংপুর, কুড়িগ্রাম ও ঠাকুরগাঁওয়ের একজন করে আছেন।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, নতুন ৩ জন নিয়ে বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ১৭৫। এর মধ্যে দিনাজপুরের সর্বোচ্চ ৩১৬ জন। এ ছাড়া রংপুরের ২৭৫ জন, ঠাকুরগাঁওয়ের ২৩৬ জন, পঞ্চগড়ের ৭৪ জন, নীলফামারীর ৮৫ জন, লালমনিরহাটের ৬২ জন, কুড়িগ্রামের ৬৬ জন ও গাইবান্ধার ৬১ জন।
গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫২৭ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছেন ২৬৯ জন। এর মধ্যে রংপুর জেলায় ১০৪ জন, দিনাজপুরের ২৭ জন, কুড়িগ্রামের ২৩ জন, নীলফামারীর ৬ জন, ঠাকুরগাঁওয়ের ২৯ জন, গাইবান্ধার ৩১ জন, পঞ্চগড়ের ৩০ জন ও লালমনিরহাটের ১৯ জন। এ নিয়ে বিভাগে করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল মোট ৫২ হাজার ৪৮৬।