রংপুর বিভাগে করোনায় ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু
রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টার ব্যবধানে সাতজনের মৃত্যু হয়েছে। এই সময়ে করোনা শনাক্ত হয় ৪৬৭ জনের। মৃত সাতজনের মধ্যে ঠাকুরগাঁও জেলার ছয়জন ও দিনাজপুরের একজন।
এদিকে একই সময়ে ১ হাজার ১৫৫ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এতে করোনা শনাক্ত হয়েছে আরও ৪৬৭ জনের। এ নিয়ে বিভাগে মোট করোনা শনাক্ত হয়েছে ২৫ হাজার ৫০৭ জনের। বিভাগে করোনায় মারা গেছেন মোট ৫১০ জন। এ ছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২০২ জন।
আজ মঙ্গলবার রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক আবু মো. জাকিরুল ইসলামের পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় বিভাগে নমুনা পরীক্ষা হয়েছে ১ হাজার ১৫৫ জনের। শনাক্ত হওয়া ৪৬৭ জনের মধ্যে দিনাজপুরের ১৪৪ জন, ঠাকুরগাঁয়ের ১০৩, নীলফামারীর ২৩, পঞ্চগড়ের ১৯, কুড়িগ্রামের ৪৩, লালমনিরহাটের ৪৩, গাইবান্ধার ৩৩ ও রংপুরের ৫৯ জন।
বিভাগে করোনায় এ পর্যন্ত মারা যাওয়া ৫১০ জনের মধ্যে দিনাজপুরের ১৮২ জন, রংপুরের ১১১, ঠাকুরগাঁয়ের ৮৩, পঞ্চগড়ের ২২, নীলফামারীর ৩৮, লালমনিরহাটের ২৪, কুড়িগ্রামের ২৭ ও গাইবান্ধার ২৩ জন।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক আবু মো. জাকিরুল ইসলাম এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি করোনার সংক্রমণ প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।