রংপুর বিভাগে করোনায় ৬ জনের মৃত্যু, শনাক্ত ২৪৬
রংপুর বিভাগে করোনায় গত ২৪ ঘণ্টায় ৬ জন মারা গেছেন। এই সময়ে ১ হাজার ৩৮৯ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ২৪৬ জনের। শনাক্তের হার ১৭ দশমিক ৭১ শতাংশ। এ নিয়ে বিভাগে করোনা রোগীর সংখ্যা মোট ৫০ হাজার ৭৯৬। আজ মঙ্গলবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনায় ৬ জন মারা গেছেন। তাঁদের মধ্যে পঞ্চগড় ও গাইবান্ধার ২ জন করে, রংপুর ও ঠাকুরগাঁওয়ের ১ জন করে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, নতুন ৬ জন নিয়ে বিভাগে করোনায় মারা যাওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়াল ১ হাজার ১১৭। এর মধ্যে দিনাজপুরে সর্বোচ্চ ৩১০ জন, দ্বিতীয় সর্বোচ্চ রংপুরে ২৬২ জন, ঠাকুরগাঁওয়ে ২২১ জন, পঞ্চগড়ে ৬৮ জন, নীলফামারীতে ৭৮ জন, লালমনিরহাটে ৫৮ জন, কুড়িগ্রামে ৬১ জন ও গাইবান্ধায় ৫৯ জন।
স্বাস্থ্য বিভাগ সূত্র আরও জানায়, ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৮৯ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ২৪৬। এর মধ্যে রংপুর জেলায় ৫১ জন, দিনাজপুরের ৩৩ জন, কুড়িগ্রামের ২৫ জন, নীলফামারীর ২৮ জন, ঠাকুরগাঁওয়ের ৫০ জন, গাইবান্ধার ১৫ জন, পঞ্চগড়ের ৩৩ জন ও লালমনিরহাটের ১১ জন। এ নিয়ে বিভাগে করোনা শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়াল মোট ৫০ হাজার ৭৯৬।
এ বিষয়ে রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মোতাহারুল ইসলাম বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।