রংপুর বিভাগে ছুটির দিনে কমেছে নমুনা পরীক্ষা ও শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি: রয়টার্স

রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় ১০১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে বিভাগের ৮ জেলায় ৩৮৭ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে ২৬। তবে এদিন করোনায় কারও মৃত্যু হয়নি। গতকাল শুক্রবার ছুটির দিন ও বিভাগজুড়ে বৃষ্টির কারণে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা গত কয়েক দিনের তুলনায় কমেছে।

আজ শনিবার সকালে রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনার নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

গতকাল সকাল ৮টা পর্যন্ত রংপুর বিভাগে ৯৮৭ জনের নমুনা পরীক্ষায় ৩৮৩ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছিল, শনাক্তের হার ছিল ৩৯। এদিন কারও মৃত্যু হয়নি। তার আগের দিন বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ১ হাজার ৫৭ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছিল ৪১২ জনের, শনাক্তের হার ছিল ৩৮ দশমিক ৯৮। এদিনও কারও মৃত্যু হয়নি।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগে কোভিড-১৯ শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে রংপুরে ২৮ জন, পঞ্চগড়ে ৩, নীলফামারীতে ২, লালমনিরহাটে ৯, কুড়িগ্রামে ৫, দিনাজপুরে ৩৭ ও গাইবান্ধার ১৭ জন রয়েছেন। তবে ঠাকুরগাঁওয়ে দুজনের নমুনা পরীক্ষা হলেও কোনো রোগী শনাক্ত হয়নি। গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন ৫৪ জন।

বিভাগের ৮ জেলায় শনাক্তের হার ছিল রংপুরে ২৯ দশমিক ৭৯, পঞ্চগড়ে ৫০, নীলফামারীতে ২৫, লালমনিরহাটে ২৭ দশমিক ২৭, কুড়িগ্রামে ১৮ দশমিক ৫২, ঠাকুরগাঁওয়ে শূন্য, দিনাজপুরে ২০ দশমিক ৩৩ ও গাইবান্ধায় ৪৮ দশমিক ৫৭।

স্বাস্থ্য বিভাগ সূত্র জানিয়েছে, মহামারি শুরুর পর থেকে রংপুর বিভাগে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ২৫৭ জনের। এর মধ্যে দিনাজপুর জেলায় সর্বোচ্চ ৩৩৪ জন মারা যান। এ ছাড়া রংপুরে ২৯৫ জন, ঠাকুরগাঁওয়ে ২৫৬, পঞ্চগড়ে ৮১, নীলফামারীতে ৮৯, লালমনিরহাটে ৭০, কুড়িগ্রামে ৬৯ ও গাইবান্ধায় ৬৩ জনের মৃত্যু হয়েছে। বিভাগে এখন পর্যন্ত করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৬১ হাজার ১৬৯।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক আবু মো. জাকিরুল ইসলাম বলেন, প্রতিদিনই গ্রাম–শহরে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে করোনো সচেতনতায় প্রচারণা চালানো হচ্ছে। ঘরের বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে।