রংপুর বিভাগে শনাক্তের হার ৫৩ শতাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনা শনাক্ত
প্রতীকী ছবি

রংপুর বিভাগে করোনা শনাক্তের হার বেড়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৫১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সময়ের মধ্যে বিভাগে নমুনা পরীক্ষা হয়েছে ৮৪৬ জনের। শনাক্ত ৫৩ শতাংশ। তবে এ সময়ের মধ্যে বিভাগে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। আজ রোববার রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৮ জন। এর আগে গতকাল শনিবার বিভাগের ৮ জেলায় ৫৪৩ জনের নমুনা পরীক্ষায় ১৩৮ জনের করোনা শনাক্ত হয়েছিল।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৪৫১ জনের মধ্যে রংপুরের ১২৪ জন বাসিন্দা আছেন। এ ছাড়া পঞ্চগড়ের ৩৩ জন, নীলফামারীর ৫১, লালমনিরহাটের ৩১, কুড়িগ্রামের ১৬, ঠাকুরগাঁওয়ের ৬৬, দিনাজপুরের ১০২ ও গাইবান্ধার ২৮ রোগী রয়েছেন।

বিভাগের ৮ জেলার মধ্যে শনাক্তের সর্বোচ্চ হার ছিল ঠাকুরগাঁওয়ে ৬৭। এ ছাড়া রংপুরে ৬২, পঞ্চগড়ে ৫৪, নীলফামারীতে ৪৮, লালমনিরহাটে ৩৯, কুড়িগ্রামে ৪২, দিনাজপুরে ৫০ দশমিক ৫০ ও গাইবান্ধায় ৪৬ শতাংশ শনাক্ত ছিল।

স্বাস্থ্য বিভাগ সূত্র জানিয়েছে, মহামারি শুরুর পর থেকে রংপুর বিভাগে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ২৫৫ জনের। এর মধ্যে দিনাজপুর জেলায় সর্বোচ্চ ৩৩৩ জন মারা যান। বিভাগে এ পর্যন্ত করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৫৮ হাজার ৯০৭।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক আবু মো. জাকিরুল ইসলাম বলেন, বিভাগে করোনার নমুনা ও সংক্রমণ দুটিই বেড়েছে। তাই ঘরের বাইরে বের হলে অবশ্যই মুখে মাস্ক পরে বের হতে হবে এবং সামাজিক দূরত্ব মেনে চলতে হবে।