রংপুর বিভাগে ১০০ জনের করোনা শনাক্ত, আরও ২ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়ে আরও দুজন মারা গেছেন। একই সময়ে ৮৯৫ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ১০০ জনের। শনাক্তের হার ১১ দশমিক ৬৭।

আজ মঙ্গলবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুযায়ী, গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টার মধ্যে মারা যাওয়া দুজন ঠাকুরগাঁও ও গাইবান্ধার বাসিন্দা।

নতুন দুজন নিয়ে বিভাগে করোনা সংক্রমিত হয়ে মৃত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ১ হাজার ২১১। এর মধ্যে দিনাজপুর জেলার সর্বোচ্চ ৩২০ জন। এ ছাড়া রংপুরের ২৮৭, ঠাকুরগাঁওয়ের ২৪৫, পঞ্চগড়ের ৭৯, নীলফামারীর ৮৭, লালমনিরহাটের ৬৪, কুড়িগ্রামের ৬৬ ও গাইবান্ধার ৬৩ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হওয়া ১০০ জনের মধ্যে ৪৫ জনই পঞ্চগড় জেলার। এর বাইরে রংপুর জেলার ১০, দিনাজপুরের ১০, কুড়িগ্রামের ৮, নীলফামারীর ৩, ঠাকুরগাঁওয়ের ১৫, গাইবান্ধার ৬ ও লালমনিরহাটের ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ৫৩ হাজার ৮৩৭। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩১০ জন করোনা রোগী।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মোতাহারুল ইসলাম বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।